আজকাল ওয়েবডেস্ক: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দাদের জন্য প্রতিটি ওয়ার্ডে বিধায়কের কার্যালয় খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেই প্রতিশ্রুতি মতো শুক্রবার নিজের বিধানসভা কেন্দ্রে বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন তিনি। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম দুই বিধানসভা কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন।
পরে নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে দিয়ে ভবানীপুরের বিধায়ক হিসেবে থেকে যান তিনি। এরপরই তিনি জানিয়েছিলেন, ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের জন্য বিধায়ক কার্যালয় তৈরি করা হবে।
শুক্রবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৭০ নম্বর ওয়ার্ডের রামমোহন দত্ত রোডে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য পরিষেবা দেওয়ার কথা জানান।
শুভেন্দু অধিকারী বলেন, ‘এই বিধায়ক সেবা কেন্দ্র থেকে ভবানীপুর বিধানসভার মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হবে। গত ১৫ বছর মানুষ বিধায়কের কাজ কী, তা জানতেন না। তোলাবাজি, কাটমানি, কাউন্সিলর ও সিন্ডিকেট রাজ দেখেছেন। এখন একটা ঠিকানা দিলাম। গণতন্ত্রে জনগণের রায়ই শেষ কথা।’
তিনি আরও জানান, এই কেন্দ্র থেকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন ধরনের পরিষেবা দেওয়া হবে। জরুরি প্রয়োজনে মানুষ এখানে যোগাযোগ করতে পারবেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘বড় জায়গা না পেলেও একটা ঠিকানা দিতে পেরেছি। এখানে বিজেপির স্বেচ্ছাসেবক ও সাধারণ নাগরিকরা থাকবেন। সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষ থেকে শুরু করে যাঁরা বিধায়কের কাছ থেকে জরুরি পরিষেবা চান, তাঁরা সাহায্য পাবেন।’
তিনি আরও বলেন, ভবানীপুর এলাকায় কোনও ব্যক্তি পুলিশের কাছ থেকে সাহায্য না পেলে সেবাকেন্দ্রে জানাতে পারবেন। পাশাপাশি বিজেপি কর্মীদের বিরুদ্ধেও যদি সাধারণ মানুষের কোনও অভিযোগ থাকে বা তাঁদের আচরণে কেউ অসুবিধায় পড়েন, সেটিও জানানো যাবে বলে জানান তিনি। শুভেন্দু অধিকারীর বার্তা, ‘আপনাদের গ্যারান্টার থাকলাম আমি।’