• টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউনের বড় সাফল্য
    আজকাল | ২৭ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: শিক্ষাক্ষেত্রে আরও একটা সাফল্যের পালক যোগ হল টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউনের মুকুটে। India Today-MDRA ব়্যাঙ্কিংয়ে গোটা দেশের বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর মধ্যে ১৩২তম স্থানে উঠে এল টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন। 

    ২০২৪ সালে প্রথমবার India Today-MDRA ব়্যাঙ্কিংয়ে আবেদন করেছিল টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন। সেবার তাদের সর্বভারতীয় র‍্যাঙ্ক ছিল ১৪৪। ২০২৫ সালে সেই ব়্যাঙ্ক গিয়ে দাঁড়ায় ১৪১-এ।

    এবার তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১৩২-এ। তবে সামগ্রিকভাবে টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউনের ব়্যাঙ্কিং এবার ১৬৪। আর দেশের সমস্ত বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে ব়্যাঙ্ক ১৩২। 

    গত এক বছরে টিআইএনটি কতটা উন্নতি করেছে এই সংখ্যাটাই তার প্রমাণ। সাম্প্রতিক কালে ধারাবাহিক এই উন্নতিকে শিক্ষার গুণগত মান ও নিরলস প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখছে টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন কর্তৃপক্ষ।

    উল্লেখ্য, দেশের অন্যান্য কলেজগুলোর তুলনায় নিজেরা কোথায় দাঁড়িয়ে সেটা দেখতে ফি-বছরই India Today-MDRA ব়্যাঙ্কিংয়ে আবেদন করে থাকে টেকনো ইন্টারন্যাশনাল নিউটাউন।

    তবে এই আবেদনের জন্য নির্দিষ্ট কিছু মাপকাঠি রয়েছে। আবেদনের ক্ষেত্রে কলেজে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের মেধা বিচার করা হয়ে থাকে। দেখা হয় তাদের প্রবেশিকা পরীক্ষার র‍্যাঙ্ক, কাট-অফ স্কোর।

    কলেজের প্রশাসনিক পরিকাঠামোও খতিয়ে দেখা হয়। এর পাশাপাশি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষক ও পড়ুয়ার অনুপাত, রিসার্চ পেপার এবং পেটেন্ট প্রকাশের সংখ্যার ওপরও এই স্কোর নির্ভর করে।

    কলেজে আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরির সুবিধা, ক্লাসরুমের পরিবেশ, ক্যাম্পাস এরিয়া এবং হোস্টেল বা ক্যাম্পাসের সামগ্রিক জীবনযাত্রার মান কেমন, তাও দেখা হয় কর্তৃপক্ষের তরফে।

    পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সফট স্কিল, লিডারশিপ কোয়ালিটি, কালচারাল ও স্পোর্টস অ্যাক্টিভিটি এবং এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজের সুযোগও অন্যতম মাপকাঠি।

    কলেজ থেকে প্লেসমেন্টের হার কেমন, পড়ুয়াদের কেরিয়ারের গ্রোথ কেমন হচ্ছে, নজরে রাখা সেইদিকটাও। এই সমস্ত ক্রাইটেরিয়া বিচার করে তার ওপর আলাদা আলাদা নম্বর দেওয়া হয়।

    সেখান থেকেই ঠিক করা হয় দেশের মধ্যে সেই কলেজের ব়্যাঙ্ক। তবে সর্বভারতীয় স্তরে উন্নতি তো হয়েছেই। এর পাশাপাশি India Today-MDRA ব়্যাঙ্কিংয়ে কলকাতার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। প্রতিষ্ঠানের তরফে আজকাল ডট ইনকে জানানো হয়, এই সাফল্য শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়াদের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার ফল।
  • Link to this news (আজকাল)