'লভ জিহাদ ডেমোগ্রাফি চেঞ্জ করেছে, কঠোর আইন আসবে,' বড় মন্তব্য দিলীপের
আজ তক | ২৭ জুন ২০২৬
বাংলায় চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC)। সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহবিচ্ছেদ, জমি-সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইন চালু হবে UCC-তে। ধর্ম নির্বিশেষে পুরুষদের বহুবিবাহ বন্ধ এবং ‘লিভ ইন’ সম্পর্ক নথিভুক্ত করাকে আইনের আওতায় আনা হবে। এই প্রসঙ্গে এবার 'লাভ জিহাদ' ও 'ল্যান্ড জিহাদ'-এর কথা শোনা গেল দিলীপ ঘোষের মুখে।
শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, 'অন্যান্য অনেক রাজ্যেই এই আইন আনা হয়েছে। দেশের ডেমোগ্রাফি চেঞ্জ করার চক্রান্ত চলছে। লভ জিহাদের মাধ্যমে জনসংখ্যার বিন্যাস বদলে ফেলা হয়েছে। পশ্চিমবঙ্গে জমি মাফিয়াদের দাপট। সরকারি জমি প্রায় নেই, খাল বিলি নদী নালাও দখল হয়ে যাচ্ছে, ল্যান্ড জিহাদের চক্রান্ত চলছে। বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। এই সব সামাজিক ব্যধি দূর করার জন্য কঠোর আইন আনতে হবে।'
দিলীপের সংযোজন, 'হিন্দু সমাজ পশ্চিমবঙ্গে বিপন্ন, তাদের সুরক্ষা কবচ দরকার আছে। বাংলাদেশ থেকে কোটি কোটি লোক এসে জমি জায়গা দখল করে সরকারি সুবিধা নিয়ে বসে আছে। এরা এখানকার জনসংখ্যা পাল্টে দিচ্ছে। সেগুলো করতে কোনও অনুমতি দেওয়া হবে না।'
দেশে চতুর্থ রাজ্য হিসেবে বাংলায় চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC)। নয়া আইনে ধর্ম নির্বিশেষে প্রত্যেক নারীর ও পুরুষের সমান অধিকার হবে। ধর্মীয় বিধানের জোরে নারীর অধিকার খর্ব করা যাবে না। সোমবারই বিধানসভায় এই বিল আনা হতে পারে। বিস্তারিত ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকরী।