‘ডিম-মাংসই একমাত্র পুষ্টির উৎস নয়’, মিল ডে মিল প্রসঙ্গে বললেন বিজেপি বিধায়ক বিজয় ওঝা
দৈনিক স্টেটসম্যান | ২৭ জুন ২০২৬
পশ্চিমবঙ্গে সরকারি স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পেয়েছে ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস’। তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আর এর মাঝেই জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝা বলেন, ‘পুষ্টির একমাত্র উৎস ডিম, মাছ বা মাংস নয়।‘
দৈনিক স্টেটসম্যানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসকনের রান্না অত্যন্ত স্বাস্থ্যসম্মত। প্রোটিনের পাশাপাশি খাবারের স্বাস্থ্যবিধিও সমান গুরুত্বপূর্ণ। বিরোধী দলের বহু বিধায়ক তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী আলোচনা করবেন। ইসকনের পরিবেশিত খাবার পুষ্টিকর। এমন নয় যে শুধুমাত্র ডিম, মাছ বা মাংস থেকেই পুষ্টি পাওয়া যায়। বর্তমানে অনেক মানুষ সেই ধরনের খাবার গ্রহণ করছেন।‘
রাজ্য বাজেটে ঘোষিত এই সিদ্ধান্তকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে প্রসঙ্গে বিজয় ওঝা বলেন, ‘এটি বিতর্কের বিষয় নয়। বাজেট অধিবেশনে এই বিষয়ে আলোচনার জন্য সময় নির্ধারিত রয়েছে। সেখানে আলোচনা হবে, তারপর কী সিদ্ধান্ত হয়, তা দেখা যাবে।‘
তিনি আরও দাবি করেন, এই সিদ্ধান্ত কোনোভাবেই ধর্মীয় মত চাপিয়ে দেওয়ার উদ্দেশে নেওয়া হয়নি। ইসকন অত্যন্ত স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করে। আমরা চাই স্কুলের পড়ুয়ারাও সেই মানের খাবার পাক। আমাদের লক্ষ্য সেটাই।‘
বামপন্থীদের সমালোচনার জবাব দিতে গিয়ে বিজয় ওঝা বলেন, ‘আগে কী হয়েছে, তা নিয়ে এখন আমাদের মাথাব্যথা নেই। তবে আমরা দেখেছি, ধর্মতলায় বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রকাশ্যে গুরুর মাংস খেয়েছিলেন। সেটাই কি বেশি পুষ্টিকর? তাঁর যদি ক্ষমতা থাকত, তাহলে তিনি সেখানে অন্য কোনও মাংসও খেতে পারতেন।‘