• এবার বোমার আওয়াজে কাঁপল ভাটপাড়ার ‘শান্ত’ এলাকা, দাপাদাপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের!
    প্রতিদিন | ২৭ জুন ২০২৬
  • ফের বোমার আওয়াজে কাঁপল ভাটপাড়া। শনিবার ভোর রাতে উত্তর মণ্ডলপাড়া এলাকায় পরপর দু’টি বোমা পড়ে। বোমার স্প্রিন্টার ছিটকে গিয়ে পড়ে পাশের বাড়িতে। আওয়াজে ঘুম ভেঙে যায় বাসিন্দাদের। জনবহুল উত্তর মণ্ডলপাড়ায় বোমাবাজির জেরে আতঙ্কিত বাসিন্দারা। মূলত শান্ত এলাকা হিসেবেই পরিচিত উত্তর মণ্ডলপাড়া। এই এলাকায় ভোররাতে বোমবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

     তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই বোমাবাজির অভিযোগ উঠেছে। শান্ত এলাকা অশান্ত করতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, জেলবন্দি মণ্ডলপাড়ার ত্রাস কালুয়ার শাগরেদরা ওখানে বোমাবাজি করেছে। মূলত এলাকা দখলকে কেন্দ্র করেই এই বোমাবাজি হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

    এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, উত্তর মণ্ডলপাড়া এলাকায় প্রথমবার বোমা পড়ল। এর আগে কখনও এখানে বোমা পড়েনি। স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর। আর এক বাসিন্দা জানান, ২-৩ মিনিটের ব্যবধানে দুটি বোমা পড়েছে এলাকায়। কালুয়া গ্রেপ্তার হলেও তাঁর বাহিনী এলাকায় ঘুরে বেড়াচ্ছে। তাঁরাই এলাকায় সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। আবার অনেকে কালুয়ার জায়গা নিতে চাইছে। এলাকা দখলের এই লড়াইয়ের জেরেই এই বোমাবাজি বলে দাবি।

    ভাটপাড়াতে বোমাবাজির ঘটনা নতুন নয়। কিন্তু রাজ্যে পালাবদলের পর দুষ্কর্ম রুখতে কঠোর তৎপরতা শুরু করেছে পুলিশ প্রশাসন। ভাটপাড়ায় বোমাবাজির এই খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
  • Link to this news (প্রতিদিন)