প্রায় পাঁচশো বছরের ঐতিহ্য বহন করে চলা পানিহাটির ঐতিহাসিক দই-চিঁড়ে উৎসব বা দণ্ড মহোৎসব উপলক্ষে ভোর থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে পানিহাটিতে। এ বছর গঙ্গার তীরবর্তী মহোৎসবতলা ঘাটে পালিত হচ্ছে ৫১০তম দণ্ড মহোৎসব বা দই চিঁড়ের উৎসব। ইতিহাস ঘেটে ও প্রবীন নাগরিকদের মুখ থেকে জানা যায়, শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় থেকে এই চিঁড়ে উৎসব বা দণ্ড উৎসবের প্রথা চলে আসছে পানিহাটি গঙ্গার তীরবর্তী মহোৎসব তলা ঘাটে। এই মহোৎসবে শুধু পানিহাটি নয়, সারা জেলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বৈষ্ণব ধর্মালম্বী ভক্তরা ভিড় জমান।
কথিত আছে, ঐশ্বর্যমণ্ডিত সপ্তগ্রামের রাজার একমাত্র পুত্র ছিলেন রঘুনাথ দাস গোস্বামী। তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমার প্রতি আকৃষ্ট হয়ে বিপুল ঐশ্বর্য ও তার রূপসী পত্নীকে পরিত্যাগ করেন। মহাপ্রভুর দেখা পেতে তিনি নানা জায়গায় ঘুরতে থাকেন। একদিন প্রভু নিত্যানন্দ পানিহাটি গ্রামে এসেছেন শুনে রঘুনাথ দাস গোস্বামী সেখানে যান। সেখানে ভক্তদের ভিড় থাকায় তিনি দর্শনলাভের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করতে থাকেন। গঙ্গার তীরে যেখানে ভক্তদের সঙ্গে শ্রীনিত্যানন্দ প্রভু বসে ছিলেন, সেখানে তিনি উপস্থিত হয়ে দূর থেকে দেখলেন গঙ্গাপারে একটি কাছের নিচে ভক্তদের ভিড়ের মাঝেই শ্রীনিত্যানন্দ প্রভু বসে আছেন।
শ্রীরঘুনাথ তাঁকে দেখেই দূর থেকে ষষ্টাঙ্গে দণ্ডবৎ জানালেন। জমিদার শ্রীগোবর্ধন দাসের পুত্র রুঘুনাথ পানিহাটিতে এসেছেন, সেই খবর পেয়ে সারা গ্রামে সাড়া পড়ে গেল। ভক্তরা সেই খবর শ্রীনিত্যানন্দ প্রভুকে জানান। তিনি রঘুনাথের নাম শুনে বলে ওঠেন, ‘‘ওরে চোরা ! এতদিনে দর্শন দিলি! আয়, আয়, আজ তোরে দণ্ড দেব।’’ নিত্যানন্দ প্রভু এ ভাবে আদর করে ডাক দিলেও শ্রীরঘুনাথ দ্বিধায় সঙ্কোচে দূরে দূরে থাকছিলেন। তখন শ্রীনিত্যানন্দ তাঁকে জোর করে কাছে টেনে এনে তাঁর মাথায় তাঁর শ্রীপাদপদ্ম স্পর্শ করান৷ এরপর মহাপ্রভু শ্রী চৈতন্যদেব উপস্থিত ভক্ত বৃন্দকে বলেছিলেন, রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তিস্বরূপ এখানে উপস্থিত সকলকে আহার হিসেবে দই চিঁড়ে খাওয়াতে হবে।
সেই থেকে প্রতি বছর পানিহাটি মহোৎসব তলা ঘাটে দণ্ড মহোৎসব পালিত হচ্ছে মহা সমারোহে বলে ইতিহাস ঘেঁটে জানা যায়। কয়েক বছর আগে এই দণ্ড মহোৎসব ঘিরে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, বহু মানুষ পদপৃষ্ঠ হন ভিড়ে। তারপর থেকেই প্রশাসনের তরফে বাড়তি সর্তকতা নেওয়া হয়েছে এই উৎসব ঘিরে। এদিনও তাই উৎসব পালনে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল পানিহাটি মহোৎসবতলা ঘাটে। কোনরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে নজর রাখতে প্রশাসনের আধিকারিকদেরও মোতায়েন রাখা হয়েছে। আগত ভক্তদের যাতায়াত ও যোগাযোগের সুবিধার দিকেও বাড়তি নজর রাখা হয়েছে এবছর। এদিনের উৎসব উপলক্ষে ভক্ত সমাগমের মধ্যে দিয়ে পানিহাটি মহোৎসব তলা ঘাটে চলছে দন্ড মহোৎসব পালন।