টাকা রোজগার করতে গিয়ে জীবনটাই শেষ, নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের
News18 বাংলা | ২৭ জুন ২০২৬
দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানা এলাকায়। ২৭ জুন শনিবার এই দুর্ঘটনা ঘটে। ময়না থানার গড়সাফাত এলাকায় একটি নির্মীয়মান বাড়ির ছাদ থেকে পরে মৃত্যু হয় ওই নির্মাণ শ্রমিকের। কাজ করতে করতেই সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায় ওই নির্মাণ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ময়না থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই নির্মাণ শ্রমিকের নাম শ্রীকান্ত রায়। বাড়ি ময়না থানার ডাঙ্গিসাই এলাকায়। বয়স হয়েছিল ৪৭ বছর। ময়না গড়সাফাত এলাকায় শেষ কয়েকদিন ধরেই একটি পাকা বাড়িতে কাজ করছিলেন। অন্যান্য দিনের মত এদিনও মাচা বেঁধে বাড়ির ছাদের ওপর কাজ করছিলেন। কিন্তু কাজ করতে করতে আচমকাই সিড়ি ভেঙে মাটিতে পড়ে যান ওই নির্মাণ শ্রমিক। ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দা ও অন্যান্য শ্রমিকরা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সেক আবাদুল বলেন, “ছাদের ওপরে কাজ হচ্ছিল। বাঁশের সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পা পিছিলে পড়ে যায়। প্রথমে ছাদে পড়ে। তারপর সেখান থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যে এই ঘটনা ঘটে যায়। আমরা উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসি। সেখানের চিকিৎসকেরা ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।” জানা যায় এলাকার একটি মসজিদের পাশে এই নির্মাণকার্য চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়না থানার পুলিশ। মৃতদেহটি তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর পাঁচটা দিনের মত কাজে বেরিয়ে সশরীরে আর বাড়ি ফেরা হবে না ভেবেই কান্নায় ভেঙে পড়েছে ওই মৃত নির্মাণ শ্রমিকের পরিবার। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নির্মাণ শ্রমিকদের অভিযোগ, কাজের সময় তাঁদের ন্যূনতম নিরাপত্তা নেই। এ বিষয়ে সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তাঁরা।