• জমির মাপজোক দেখে গলে গেলেই সাড়ে সর্বনাশ, ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত এই ব্যক্তি
    News18 বাংলা | ২৭ জুন ২০২৬
  • আপনার সঙ্গে হয়ত এমন হয়েছিল, হঠাৎ একদিন ফোন আসে- “আপনার জমিতে মোবাইল টাওয়ার বসানো হবে, মাসে মিলবে মোটা অঙ্কের ভাড়া।” এমন প্রস্তাব পেয়ে অনেকেই ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেন। কিন্তু সেই স্বপ্নই কখনও কখনও দুঃস্বপ্ন হয়ে ফিরে আসে। টাওয়ার বসানোর নামে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর ঘটনাও ঘটছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এবার এমনই এক প্রতারণার শিকার হয়ে প্রায় ১৩ লক্ষ টাকা খুইয়েছেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালির এক বাসিন্দা।

    অনেক সময় অজানা নম্বর থেকে ফোন কলে মোবাইলের টাওয়ার বসানোর অফার দেন, কিন্তু সাবধান। মোটা অঙ্কের মাসিক ভাড়া কিংবা এককালীন টাকার লোভ দেখিয়ে প্রতারক চক্র সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। এমনই এক প্রতারণার শিকার হয়েছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকের সেহেরা রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা অমিয় মণ্ডল। অভিযোগ, কয়েক মাস আগে অমিয়বাবুর সঙ্গে একদল ব্যক্তির যোগাযোগ হয়। তারা তাঁর জমিতে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তাব দেয়।

    এরপর বিভিন্ন অজুহাতে ধাপে ধাপে কখনও ৫০ হাজার, কখনও ৭৫ হাজার, আবার কখনও ৮০ হাজার বা ৯০ হাজার টাকা করে তাঁর কাছ থেকে নেওয়া হয়। অভিযুক্তরা বারবার ফোন করে দ্রুত টাওয়ার বসানোর আশ্বাস দিত বলেও দাবি তাঁর। অমিয় মণ্ডলের অভিযোগ, টাওয়ার বসানোর জন্য জমির মাপজোক ও জরিপের কাজও করা হয়। ফলে বিষয়টি বিশ্বাস করে তিনি ধাপে ধাপে মোট প্রায় ১৩ লক্ষ টাকা দেন। কিন্তু এত টাকা দেওয়ার পরও টাওয়ার বসানো হয়নি। উল্টে আরও টাকার দাবি করা হয় বলে অভিযোগ।

    ঘটনার পর তিনি বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি বসিরহাট সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি বলে দাবি তাঁর। অমিয় মণ্ডল বলেন, “প্রশাসন ঘটনার সঠিক তদন্ত করুক। আজ আমি প্রতারণার শিকার হয়েছি, আগামী দিনে যাতে আর কেউ এই চক্রের ফাঁদে না পড়েন, সেই ব্যবস্থা করতে হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হোক।” ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণার ঘটনা রুখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া প্রয়োজন।
  • Link to this news (News18 বাংলা)