• তমন্না খুনে FIR-এ নাম থাকা প্রায় সকলেই গ্রেপ্তার, জানালেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ২৭ জুন ২০২৬
  • কালীগঞ্জের তমন্না খুনে গ্রেপ্তার হয়েছে ১২ জন। এ বার তা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দুপুরে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, ‘তমন্নার ন্যায়বিচার আমাদের অগ্রাধিকার। আমরা প্রতিশ্রুতি পূরণ করছি। কৃষ্ণনগর পুলিশ জেলার তড়িঘড়ি পদক্ষেপে আমি খুশি। তমন্নার মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার পরেই পুলিশ দ্রুত কাজ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের পরে আইনি ব্যবস্থা নিয়েছে। FIR-এ নাম থাকা প্রায় সকলকেই গ্রেপ্তার করেছে পুলিশ।’

    একই সঙ্গে তিনি লেখেন, ভিন রাজ্যে এমনকী গুরুগ্রাম, নাগপুরেও পুলিশ নিয়মিত যোগাযোগ রেখেছে। যে কোনও অপরাধই অপরাধ। তাই অপরাধ হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত হবে নিরপেক্ষ ভাবে।

    এ দিন ১২ জন অভিযুক্তের নামের তালিকাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, বিজেপি সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে এবং শাসকের আইনের অন্ধকার যুগকে সম্পূর্ণ ভাবে বিলুপ্ত করতে দৃঢ় ও আপসহীন ভাবে অঙ্গীকারবদ্ধ।

    ২০২৫ সালের ২৩ জুন নদিয়ার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমার আঘাতে মৃত্যু হয় ছ’বছরের তমন্নার। অভিযোগ ওঠে, তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়া হয়েছিল। এ নিয়ে তোলপাড় হয় রাজ্য। ঘটনার পরে তদন্তে নেমে পুলিশ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছিল। তবে বাকিদের গ্রেপ্তারের দাবি নিয়ে বার বার পুলিশের কাছে যান তমন্নার মা।

    গত ২৩ জুন, মঙ্গলবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন তমন্নার মা সাবিনা ইয়াসমিন। সাবিনা ২০২৬-এর বিধানসভা ভোটে কালীগঞ্জের সিপিএম প্রার্থী ছিলেন। তবে রাজ্যে পালাবদলের পরে তিনি প্রথম থেকেই বলে এসেছেন, শুভেন্দু অধিকারী ও তাঁর সরকারের উপরে সম্পূর্ণ ভরসা রয়েছে তাঁর। মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী, প্রত্যেকের গ্রেপ্তারের দাবি তুলে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন সাবিনা।

  • Link to this news (এই সময়)