• পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস, মহারাষ্ট্রে আপাতত বাতিল টেট
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • ডাক্তারি প্রবেশিকার পরীক্ষা (নিট) নিয়ে শোরগোল স্তিমিত হতে না হতেই আবার প্রশ্নফাঁস! এ বার মহারাষ্ট্রে। সেখানে পরীক্ষার আগের দিনই টিচার এলিজিবিলিটি টেস্ট-এর (টেট) প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার অর্থাৎ ২৮ জুন এই পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় তা আপাতত বাতিল করা হয়েছে।

    তদন্তে নেমে ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা বিহার এবং হরিয়ানার বাসিন্দা। প্রশ্নফাঁসের চক্রের হদিশ পেতে সিট গঠন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শনিবার থানের ভিওয়ান্ডির পুলিশ গোপন সূত্র মারফত খবর পায় যে, কয়েক জন টেটের প্রশ্ন বিক্রির পরিকল্পনা করছেন। তার ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। অভিযুক্তদের পাকড়াও করে তাঁদের কাছ থেকে প্রশ্নপত্রের প্রতিলিপিও উদ্ধার করা হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

    পুলিশ সূত্রেই জানা গিয়েছে, প্রশ্নপত্রের প্রতিলিপি উদ্ধার হওয়ার পরে শিক্ষা দপ্তরের কর্তাদের খবর দেওয়া হয়। তাঁরা সে সব যাচাই করে জানান, সেগুলি রবিবারের পরীক্ষারই প্রশ্ন। এর পরেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। রবিবার মহারাষ্ট্রের ৩৭টি জায়গার মোট ১,৭২৮টি কেন্দ্রে পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষায় বসার কথা ছিল প্রায় ৬ লক্ষ পরীক্ষার্থীর।

    মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অফ এগজ়ামিনেশন জানিয়েছে, পরীক্ষার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপাতত পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। ডেপুটি কমিশনার প্রিয়া শিন্দে জানিয়েছেন, এই ধরনের পরীক্ষা আয়োজন করতে সাধারণত প্রায় তিন সপ্তাহ সময় লাগে। পরীক্ষার সূচি শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    ২০১৬ সালেও হোয়াটসঅ্যাপে প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল মহারাষ্ট্রে। সে বারও পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে প্রশ্নফাঁসের বিষয় জানাজানি হওয়ায় বাতিল করা হয় পরীক্ষা। সেই সময়ে পুলিশি তদন্তে একাধিক চক্রের হদিশ মিলেছিল। গ্রেপ্তার করা হয়েছিল অনেককে।

  • Link to this news (এই সময়)