• ঋতপন্থীদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ মমতা শিবিরের
    আজকাল | ২৮ জুন ২০২৬
  • রিয়া পাত্র: তৃণমূল তুমি কার? জোড়াফুলই বা কার? দুই ফুল প্রতীক থেকে ছিঁড়ে নিতে পারছে না দুই গোষ্ঠী। অগত্যা! ভিন্ন গোষ্ঠীর ভিন্ন বৈঠক, ভিন্ন জায়গায়। গত কয়েকদিন তা দেখে রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠেছে। কুণাল ঘোষ যতই বলুন প্রতীক মমতা ব্যানার্জির মুখ, তাতে আইনি সম্মতি কি মিলবে? প্রশ্ন হাজার, তার মাঝেই এবার টিম ঋতব্রতর বিরুদ্ধে পুলিশে গেল টিম কালীঘাট।

    তৃণমূলের প্রতীক নিয়েও জোর টানাটানি। একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে জোরদার লড়াই এবার প্রকাশ্যে। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়েছে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল'। এবার সেই সভার অনুমতি চেয়ে দুই তরফই থানায়। 

    আগেই মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, একুশে জুলাইয়ের সমাবেশ এবারেও হবে। কলকাতা পুলিশের কাছে এই সভার অনুমতি চেয়ে আবেদন করেছে 'কালীঘাট-তৃণমূল'। এবার ওই এক জায়গায় একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কমিশনারের কাছে চিঠি দিয়েছে 'ঋতব্রত-তৃণমূল'। 

    এরপরই 'কালীঘাট-তৃণমূল'-এর তরফে কড়া পদক্ষেপ। তৃণমূলের নাম, প্রতীক অন্যায্যভাবে ব্যবহারের জন্য ঋতব্রতর দলের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ জানাল কালীঘাট শিবির।

    'কালীঘাট-তৃণমূল'-এর অভিযোগ, ভুয়ো নথি, জালিয়াতি, প্রতারণা, অবৈধ বৈঠক, অপরাধমূলক চক্রান্ত, সংবাদমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়ানো এবং দলের গুরুত্বপূর্ণ নথি পাচারের মতো একাধিক কাণ্ড ঘটিয়েছে ঋতব্রত শিবির। এই অভিযোগের ভিত্তিতেই পুলিশের দ্বারস্থ হয়েছে কালীঘাট শিবির। কালীঘাট থানা ও সল্টলেকের একটি থানায় দু'টি পৃথক অভিযোগ জানানো হয়েছে। যা ঘিরে রাজ্য রাজনীতি আবারও তোলপাড়। 
  • Link to this news (আজকাল)