মাছ ধরতে গিয়ে জালে মাছের বদলে উঠে এল সন্দেহজনক সকেট বোমা। আর সেই দৃশ্য দেখেই আতঙ্কে জাল ফেলে পুকুরপাড়ে উঠে প্রাণ বাঁচাতে ছুটলেন মাছ ধরতে আসা সকলেই। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের বাকশা গ্রামের বন পুকুরে। শনিবার দুপুরে কয়েকজন স্থানীয় বাসিন্দা ওই পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন। কিছুদূর জাল টানার পর তাদের পায়ে ভারী লোহার মতো একটি বস্তু ঠেকে। প্রথমে সেটিকে সাধারণ কোনও লোহার পাইপ বা অন্য কিছু বলে মনে হলেও জাল পুরোপুরি তোলার পর দেখা যায়, সেটি দেখতে অনেকটাই সকেট বোমার মত। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কোনও রকম ঝুঁকি না নিয়ে মাছ ধরা বন্ধ করে সবাই দ্রুত পুকুর থেকে ডাঙায় উঠে আসেন।
প্রত্যক্ষদর্শীদের দাবি, জলের নিচে আরও এমন বিস্ফোরক থাকতে পারে বলে তাদের আশঙ্কা। ফলে গোটা এলাকায় চরম উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শী মিঠুন মাঝি বলেন, “আমরা এখানে মাছ ধরতে এসেছিলাম। জাল টানতেই বুঝতে পারি পায়ে কিছু একটা ঠেকেছে। আমাদের সেক্রেটারি বল, ‘কচ্ছপ উঠেছে মনে হয় জালে। আমরাও জাল টেনে দেখলাম লোহার পাইপ জাতীয় একটা কোনও জিনিস এখানে ঠেকছে। কিন্তু তোলার পর দেখছি সকেট বোমা মতো, কেউ কেউ আবার বলছে কাটা পাইপ। আমরা এ বিষয়ে কিছুই জানি না। প্রাণের ভয়ে আমরা ডাঙায় ছুটে উঠে পড়েছি।”
মাছ ধরার জাল।advertisement
মাছ ধরার জাল।
খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গোটা এলাকা ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে পুকুরের আশপাশে সাধারণ মানুষের যাতায়াতেও সতর্কতা অবলম্বন করা হয়। স্থানীয়দের দাবি, পুকুরে কীভাবে এই ধরনের সন্দেহজনক বস্তু এল, তা নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া বস্তুটি সকেট বোমা কিনা, তা বিশেষজ্ঞদের পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। একইসঙ্গে পুকুরে আরও কোনও বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বাকশা গ্রামের ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।