তুফানগঞ্জে প্রাক্তন TMC নেতাকে লক্ষ্য করে ডিম, 'ক্ষোভের বিস্ফোরণ' দাবি BJP-র
আজ তক | ২৮ জুন ২০২৬
কোচবিহারের তুফানগঞ্জে প্রাক্তন তৃণমূল নেতা সুব্রত দাস ওরফে লিটনকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ। শুক্রবার শহরের ৩ নম্বর ওয়ার্ডের মদনমোহন পাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
সূত্রের খবর, তুফানগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি সুব্রত দাস ওরফে লিটনকে লক্ষ্য করেই বিক্ষোভকারীরা ডিম ছোড়েন। ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনৈতিক হিংসায় মদত দেওয়া, সাধারণ মানুষের বাড়িঘরে ভাঙচুর চালানো এবং কাটমানি নেওয়া-সহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত ওই প্রাক্তন তৃণমূল নেতা। সেই ক্ষোভ থেকেই এই বিক্ষোভ বলে দাবি তাঁদের।
ঘটনার পর রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেতা নিখিল গাবুয়ার দাবি, এই ঘটনা সাধারণ মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কোনও পদক্ষেপ হয়নি বলেই মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছিল।
অন্যদিকে, এই ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতা-নেত্রীদের লক্ষ্য করে ডিম ছোড়ার একাধিক ঘটনা সামনে এসেছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও এই ধরনের বিক্ষোভের অভিযোগ উঠছে। তুফানগঞ্জের ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন।