• চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাৎ! বিস্ফোরক অভিযোগ গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে
    News18 বাংলা | ২৮ জুন ২০২৬
  • হাইস্কুলে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার নামে ১০ লক্ষ ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতি। টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি এবং শিক্ষাগত যোগ্যতার আসল নথি আটকে রাখার অভিযোগ উঠল মালদহের গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গাজোল এলাকায়। অভিযোগের ভিত্তিতে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হবিবপুরের বাসিন্দা সুপ্রিম সিনহা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত।

    অভিযোগকারী সুপ্রিম সিনহার দাবি, ২০১৭ সালে তাঁর স্ত্রীকে একটি হাইস্কুলে ওয়ার্ক এডুকেশন বিষয়ে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোজাম্মেল হোসেন ১০ লক্ষ ২৫ হাজার টাকা নেন। সেই টাকা দেওয়ার বিষয়টি জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে লিখিতভাবেও নথিভুক্ত করা হয়েছিল বলে তাঁর দাবি। এছাড়াও স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার আসল মার্কশিট, শংসাপত্র-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথিও অভিযুক্তের কাছে জমা রাখা হয়েছিল।

    সুপ্রিম সিনহার অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও চাকরির ব্যবস্থা হয়নি। পরে টাকা ও নথি ফেরত চাইলে অভিযুক্ত তা অস্বীকার করেন এবং প্রাণনাশের হুমকি দেন। তাঁর দাবি, পৈত্রিক বাস্তুজমি বিক্রি করে ওই টাকা জোগাড় করেছিলেন। এতদিন অভিযোগ জানিয়েও সুরাহা না হলেও বর্তমানে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং বিচার পাওয়ার আশায় গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    যদিও গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, অভিযোগকারীর সঙ্গে ব্যক্তিগত পরিচয় থাকলেও চাকরি দেওয়ার নামে কোনও টাকা তিনি নেননি। তিনি জানান, তাঁর ফোন সবসময় চালু রয়েছে এবং অভিযোগকারী চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।

    এদিকে গাজোলের বিধায়ক চিন্ময় দেববর্মন বলেন, “বিগত সরকারের আমলে একাধিক দুর্নীতি ও অবৈধ কারবার হয়েছে। সরকার বদলের পর বর্তমানে মানুষ সাহস পাচ্ছে। শুধু মালদহ নয় রাজ্যজুড়ে এমন অভিযোগ উঠে আসছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই সামনে আসবে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।” ঘটনার লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়।
  • Link to this news (News18 বাংলা)