• সারা শরীরে এলোপাথাড়ি কোপ, বেলডাঙায় ঘর থেকে মিলল কিশোরীর দেহ, প্রেমঘটিত কারণে খুন?
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • গোটা শরীরই ক্ষতবিক্ষত। কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে! এই অবস্থায় এক বছর ষোলোর কিশোরীর দেহ উদ্ধার হলো মুর্শিদাবাদের বেলডাঙায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কিশোরীকে খুনই করা হয়েছে। সেই মতোই তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার সঙ্গে প্রেমঘটিত বিষয় জড়িয়ে রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে।

    নিহত তরুণীর নাম করবী দে। বেলডাঙার মহুলা গ্রাম পঞ্চায়েতের হালালপুর গ্রামের বাসিন্দা সে। শনিবার দুপুরে গ্রামের বাড়ি থেকেই তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পরিবার জানিয়েছে, করবী মাধ্যমিকে ফেল করেছিল। তার পর থেকে সে স্কুলে যাওয়াই বন্ধ করে দেয়। সারা দিন বাড়িতেই থাকত সে। শনিবার দুপুরে যে সময়ে ঘটনাটি ঘটেছে বলে অনুমান, সেই সময়ে বাড়িতে কেউ ছিলেন না বলেই জানিয়েছেন পরিবারের লোকেরা।

    হালালপুর গ্রামের বাড়িটি করবীর মামার বাড়ি। মা মাধবীর সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। ছেলেমেয়েকে নিয়ে বাপের বাড়ি থাকেন। মাধবী বলেন, ‘ঘটনার সময়ে আমি বহরমপুরে ছিলাম। আমার মা-বাবা (করবীর দাদু-দিদিমা) ব্যাঙ্কে গিয়েছিল। ছেলেও বাড়ি ছিল না। ও-ই বাড়ি ঢুকে করবীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে।’

    মাধবীই জানান, তাঁর মেয়ের সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। ফোনেও কথা বলত তারা। খুনের ঘটনায় সেই যুবক জড়িত কি না, সেই প্রশ্নও তুলেছে পরিবার। পুলিশ সূত্রে খবর, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)