বেড়ানোর সিজনে এবার কোথায় যাবেন, কনফিউসড...? সমস্ত হালহকিকত জানতে যেতে পারেন এই মেলায়
News18 বাংলা | ২৮ জুন ২০২৬
দুর্গাপুজোয় যাত্রা করবেন দেশের বিভিন্ন জায়গায়! এমনকি মুর্শিদাবাদে আসতে চাইছেন পর্যকরা। মুর্শিদাবাদে শুরু হল তিনদিনের ভ্রমণ নিয়ে এক বিশেষ মেলা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত ট্যুর কোম্পানি এসে দেশের বিভিন্ন জায়গার দর্শনীয় স্থান নিয়ে মানুষ কে অবগত করছেন বহরমপুরে।
বহরমপুরের একটি বেসরকারি অনুষ্ঠান বাড়িতে আয়োজন করা হয়েছে মুর্শিদাবাদ ট্যুরিজম মেলা যেখানে দেশে বিদেশে ভ্রমণ পিপাসু মানুষের জন্য রয়েছে একাধিক সুযোগ সুবিধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌরী শংকর ঘোষ। তিনি জানান দেশে-বিদেশের সঙ্গে মুশিদাবাদ কে ট্যুরিজম স্পট বাড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে। সরকার সাহায্য করবে পাশাপাশি সাধারণ মানুষকেও এই বিষয়ে এগিয়ে আসতে হবে।
গ্রন্থাগার পরিষেবা দফতরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, ‘বাজেটে মুর্শিদাবাদের পর্যটক ও সার্বিক বিকাশের উপরেও জোর দেওয়া হয়েছে। তিনি বলেন অন্য জেলার পাশাপাশি আমাদের জেলাতেও উন্নয়ন চোখে পড়বে। এর পাশাপাশি ভোটের আগে আমি ব্যক্তিগত যে সংকল্পপত্র প্রকাশ করেছিলাম, তাতে মুর্শিদাবাদ বিধানসভা এলাকার প্রাচীন লন্ডন মিশন হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছিল, তা দ্রুত চালু করা এবং জিয়াগঞ্জ এলাকায় গার্লস কলেজ করা। ওই দুটোই আগামী ছ’মাসের মধ্যে চালু হবে। এখনই তো কলেজ নির্মাণ করে ক্লাস শুরু করা সম্ভব নয়। সেক্ষেত্রে ক্লাস করার জন্য একটা পরিকাঠামো দরকার। সেটারও ঘোষণা আপনারা পেয়ে যাবেন, এই বছর ছাত্রী ভর্তি শুরু হবে সেই কলেজে।’
তাঁর সংযোজন, ‘ভাগীরথীর উপরে আগামীতে সেতু নির্মাণ হবে। এ ছাড়া পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র শিল্পের উন্নয়ন, প্রতিটি ব্লকে হিমঘর স্থাপন হবে। এ জেলায় যথেষ্ট পরিমানে ফল ও সবজি উৎপাদন হয়। হিমঘর না থাকার কারণে অতিরিক্ত উৎপাদন হলে ফসল নষ্ট হয় এবং অন্য সময়ে চড়া দাম দিয়ে কিনতে হয়। ফলে এক সময়ে কৃষক দাম পায় না অন্য সময়ে ক্রেতাদের বেশি দাম দিয়ে কিনতে হয়। হিমঘর থাকলে সারা বছর মানুষ আয়ত্তের মধ্যে দাম দিয়ে কিনতে পারবেন। ফলে সার্বিক ভাবে মুর্শিদাবাদ জেলার বিকাশের ক্ষেত্রে রাজ্যের নতুন সরকার বাজেটে অনেক কিছু দিয়েছে। আগামী এক বছরের মধ্যে সেই উন্নয়ন চোখে পড়বে।’