• মেট্রোর কাজে শুক্রবার রাত থেকেই চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ, খুলবে সোমবার সকাল ৮টায়
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সল্টলেকের সুকান্তনগর এলাকায় নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের অরেঞ্জ লাইন মেট্রোর কাজ হবে। তার জন্য প্রথম ধাপে শুক্রবার রাত থেকে বন্ধ করা হল চিংড়িঘাটা ফ্লাইওভার। রাত ৮টায় ফ্লাইওভার বন্ধ করার কথা ছিল। তবে যানবাহনের বাড়তি চাপ থাকায় রাত সোয়া ন’টা থেকে তা বন্ধ করা হয়। 

    ২৯ জুন, সোমবার সকাল ৮টার পর ফ্লাইওভার ফের খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকার ফলে সল্টলেক বা নিউটাউনগামী যানবাহনগুলিকে ঘুরপথে বেলেঘাটা মেন রোড-ই এম বাইপাস-ব্রডওয়ে হয়ে সল্টলেক বা নিউটাউনে যেতে হবে। 

    এরপর দ্বিতীয় ধাপে ৩ জুলাই, শুক্রবার ফের রাত ৮টা থেকে ৬ জুলাই, সোমবার সকাল ৮টা পর্যন্ত চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ থাকবে। প্রথম ধাপে সল্টলেকের সুকান্তনগর এলাকায় ৩২৫ নম্বর এবং ৩২৬ নম্বর পিলার জোড়ার কাজ হবে। কলকাতা পুলিশ জানিয়েছে, ফ্লাইওভারের উপরে পিলারের মাথায় ভায়াডাক্ট বসানো হবে। তাই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করা হচ্ছে। 

    পাশাপাশি দ্বিতীয় ধাপে ৩ জুলাই থেকে ৩২৬ নম্বর এবং ৩২৭ নম্বর পিলার জোড়ার কাজ হবে। সে কাজ শেষ হলে চিংড়িঘাটায় গত ১৮ মাস ধরে থমকে থাকা ৩৬৬ মিটার অংশের কাজ কার্যত শেষ হয়ে যাবে। তারপর ওই অংশে মেট্রোর লাইন পাতা এবং বিদ্যুৎ সংযোগ আর সিগন্যালিংয়ের কাজ বাকি থাকবে। 

    রাজ্যে পালাবদলের পর কার্যত 

    ঝড়ের গতিতে চিংড়িঘাটাতে মেট্রোর কাজ চলছে। সব ঠিক থাকলে দুর্গাপুজো বা দীপাবলীর উপহার হিসাবে কলকাতাবাসী এই রুটে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা পেতে পারেন। সেক্ষেত্রে সল্টলেক, নিউটাউনের বাসিন্দাদের পাশাপাশি তথ্যপ্রযুক্তি সেক্টরের অফিসযাত্রীরা উপকৃত হবেন। বর্তমানে এই রুটে নিউ গড়িয়া থেকে বর্তমান ভবন বা বেলেঘাটা স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে।
  • Link to this news (বর্তমান)