• পুনর্ভবায় স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু নাবালকের
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • গঙ্গারামপুরে পুনর্ভবা নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক নাবালকের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গারামপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইন্দ্র নারায়ণপুর কলোনি রেলব্রিজ সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করে। প্রায় দু’ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আয়ুষ ঘোষের (৮) দেহ উদ্ধার হয়। আয়ুষের বাড়ি গঙ্গারামপুর থানা সংলগ্ন এলাকায়। বিকেলে পুলিশ দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে চার বন্ধু বিশ্বজিৎ রবিদাস (১০), পিয়াস কর্মকার (১০), চন্দন কর্মকার (৭) এবং আয়ুষ ঘোষ (৮) পুনর্ভবা নদীর ঘাটে স্নান করতে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্নান করার সময়ে অসাবধানতাবশত বিশ্বজিৎ রবিদাস ও আয়ুষ ঘোষ নদীর গভীর জলে তলিয়ে যায়। ঘটনার পরে এক নৌকাচালক ও স্থানীয় বাসিন্দারা তৎপর হয়ে উদ্ধার কাজ শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর বিশ্বজিৎ রবিদাসকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও আয়ুষ ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে পুলিশ ও উদ্ধারকারীরা নদীতে তল্লাশি চালায়। প্রায় ২ ঘন্টা পরে আয়ুষের দেহ উদ্ধার হয়। পরে গঙ্গারামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

  • Link to this news (এই সময়)