• ফেসবুকে আক্রমণ, ক্ষুব্ধ প্রাক্তন তৃণমূল কাউন্সিলার
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • এই সময়, দুর্গাপুর: রাজ্যে পরিবর্তনের পরে স্বঘোষিত কিছু বিজেপি কর্মী তৃণমূলের নেতা–নেত্রীদের সামাজিক সম্মানহানি করতে শুরু করেছেন বলে অভিযোগ। সম্প্রতি এমনই একদল স্বঘোষিত বিজেপি কর্মী ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার রাখি তিওয়ারি ও দলের এক কর্মী রাজু সিংয়ের কার্টুন ছবি তৈরি করে সঙ্গে তাঁদের ‘তোলাবাজ ও চোর’ আখ্যা দিয়ে প্যারোডি গান তৈরি করে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

    ঘটনা প্রকাশ্যে আসতে চটেছেন রাখি। তাঁর অভিযোগ, ‘যাঁরা এই সব করেছেন, তাঁরা প্রত্যেকে একটা সময়ে সিপিএম করতেন। পরে তাঁরা তৃণমূলে যোগ দেন। পরিবর্তনের পরে এখন তাঁরা–ই স্বঘোষিত বিজেপি।’

    ৪ মে ভোটের ফল প্রকাশের পরে সারা রাজ্যের মতো দুর্গাপুরেও একাধিক তৃণমূল নেতা–নেত্রী ও কর্মীদের একাংশ এলাকা ছেড়েছেন। কিন্তু তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার তথা প্রাক্তন মেয়ের পারিষদ ও পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রাক্তন সদস্য রাখি নিজের বাড়িতে আছেন। দুর্গাপুরের একাধিক নেতার বিরুদ্ধে তোলাবাজি–সহ নানা অভিযোগ উঠলেও রাখির বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ শোনা যায়নি।

    তার পরেও তাঁর এবং তৃণমূল কর্মী রাজুর কার্টুন ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছ্, রাখির হাতে টাকা ভর্তি একটি ব্যাগ। সার্কাসের জোকারের মতো মুখ করা হয়েছে রাজুর। ছবির সামনে টাকা রাখা রয়েছে। জুড়ে দেওয়া হয়েছে প্যারোডি গান। সেই গানে এঁদের ‘চোর ও তোলাবাজ’ বলে আক্রমণ করা হয়েছে।

    সামাজিক মাধ্যমে এই পোস্ট দেখে মানসিক ভাবে বিধ্বস্ত রাখি বলেন, ‘আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হচ্ছে, তদন্ত হলে সহযোগিতা করব। কোথাও আমার সম্পত্তি আছে কি না, খতিয়ে দেখা হোক। লোন নিয়ে ছেলেকে ভিন রাজ্যে পড়তে পাঠিয়েছি। কোনও অন্যায় করে থাকলে আইন আছে। সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু আমার সামাজিক সম্মানহানি করার অধিকার কে দিয়েছেন? যাঁরা এসব করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

    দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘এই ধরনের কাজের সঙ্গে বিজেপি জড়িত নয়। বিজেপির নাম ভাঁড়িয়ে তৃণমূলের কিছু ছেলে এমন করেছে বলে শুনেছি। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।’

  • Link to this news (এই সময়)