হলদিয়ায় শিল্পের DRIVE, গতি আনতে তৎপরতা, বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ উদ্যোগ
News18 বাংলা | ২৮ জুন ২০২৬
রাজ্যে পালাবদলের পর হলদিয়ায় শিল্পে গতি আনতে তৎপরতা। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ উদ্যোগ। হলদিয়া উন্নয়ন পর্ষদের স্পেশাল ড্রাইভ শুরু।
পূর্ব মেদিনীপুরের হলদিয়া। গা ঘেঁষে বয়ে গিয়েছে হলদি নদী। এই নদীর পাড়েই শিল্পাঞ্চল। হলদিয়া শিল্পাঞ্চল। একের পর এক কারখানা। স্থানীয়দের দাবি, এই কারখানাগুলির বেশিরভাগই তৈরি হয়েছে বছর তিরিশ আগে। তৃণমূল জমানায় শুধুমাত্র ঝাঁপ পড়েছে। নতুন শিল্প কার্যত আসেনি। রাজ্যে পালাবদলের পর এবার হলদিয়ায় দিনবদলের তোড়জোড়। হলদি নদীর তিরে শিল্পে গতি আনতে তাই তৎপরতা শুরু। সৌজন্যে হলদিয়া উন্নয়ন পর্ষদ। বিনিয়োগকারীদের জমি দিতে বিশেষ ড্রাইভ শুরু করেছে তারা।
হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিরঞ্জন কুমার বলেন, ‘‘এইচডিএ-র কাছে আবেদন এসেছে এইচপিসিএলের থেকে। ওনারা জমি চাইছেন ইন্ডাস্ট্রির জন্য। ডেটা সেন্টার করতে চাইছেন। তার জন্য জমি চাইছেন। আলোচনা করে জমি দেব।’’
হলদিয়া বন্দরকে কেন্দ্র করে শিল্পাঞ্চল। কিন্তু পলি জমে নাব্যতা কমেছে হলদি নদীর ৷ এর জেরে হলদিয়া বন্দরে জাহাজ যাতায়াতে সমস্যা রয়েছে।
আরও পড়ুন- ‘Cape Verde’ নাকি ‘Cabo Verde’, কোনটা সঠিক? বিশ্বকাপে চমকে দেওয়া আফ্রিকার এই ছোট্ট দেশটির ইতিহাস জেনে নিন
স্থানীয়দের দাবি, তৃণমূল জমানায় শিল্পাঞ্চলের উন্নয়নের কাজ থমকে ছিল। অভিযোগ হলদিয়া উন্নয়ন পর্ষদকে কার্যত অকেজো করে রাখা হয়েছিল। পালাবদলের পর হলদিয়া উন্নয়ন পর্ষদকে ফের সক্রিয় করা হয়েছে। চেয়ারম্যান করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমারকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ মতো বৃহস্পতিবার বৈঠকে বসেন তিনি। একগুচ্ছ নির্দেশও দেন। যেমন, শিল্পাঞ্চলজুড়ে যে দখলদারি হয়েছে, তা উচ্ছেদ করা হবে ৷ শিল্পের জন্য লিজে নেওয়া জমি ফেলে রাখলে তা ফেরত নেওয়া হবে।