• উত্তরে রেড অ্যালার্ট, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি, কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
    আজ তক | ২৮ জুন ২০২৬
  • পরপর কয়েকদিন বৃষ্টির পর শহর কলকাতায় গরমের হাত থেকে রেহাই পাওয়া গিয়েছিল। কিন্তু শনিবার ব্যাপক গরমে স্বস্তি উধাও। তবে বিশেষজ্ঞরা বলছেন, শনির পুনরাবৃত্তিই দেখা যেতে পারে রবিবারেও। অর্থাৎ এদিনও দিনের বেলায় কড়া রোদ ও ব্যাপক গরমে নাজেহাল হতে হবে আমজনতাকে। আজ কলকাতায় আবহাওয়া কেমন থাকবে? জেনে নেওয়া যাক

    কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

    আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে IMD। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।

    শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৬১ শতাংশ। ২৬ জুন রাত ৮টা ৩০ মিনিট থেকে ২৭ জুন রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত শহরে ০.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

    আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

    দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও এক-দুই জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMD। 

    উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

    আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। পাশাপাশি এক-দু'টি জায়গায় অতি প্রবল বৃষ্টিপাত (২০ সেমির বেশি) হওয়ার আশঙ্কাও রয়েছে। এই জেলাগুলির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়াও, দার্জিলিং এবং কালিম্পং জেলার এক-দু'টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) পূর্বাভাস দিয়েছে IMD। এক্ষেত্রেও জারি রয়েছে লাল সতর্কতা।

    অন্যদিকে, উত্তর দিনাজপুর জেলার এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টি (৭-১১ সেমি) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

     
  • Link to this news (আজ তক)