রাজ্যে পর্যটনের প্রসারে মন্ত্রীকে মেল করে দেওয়া যাবে প্রস্তাব
বর্তমান | ২৮ জুন ২০২৬
ব্রতীন দাস, জলপাইগুড়ি: রাজ্যে পর্যটনের প্রসারে এবার সরাসরি ই-মেল করে প্রস্তাব দেওয়া যাবে মন্ত্রীকে। কিংবা কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে। এমনই উদ্যোগ নিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। পর্যটন দপ্তরের দায়িত্ব গ্রহণের পরই কলকাতায় ট্যুরিজমের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলকে নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে সবার মতামত নিয়ে রাজ্যে পর্যটন শিল্পের প্রসার ঘটানোর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে বলে বার্তা দেন মন্ত্রী। এরপরই রাজ্যে পর্যটন সম্পর্কিত প্রস্তাব ও পরামর্শ গ্রহণের জন্য মেল আইডি প্রকাশ করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাজ্যের পর্যটনমন্ত্রী নিজেই জানিয়েছেন, যদি কেউ পর্যটন সম্পর্কিত কোনো প্রস্তাব বা পরামর্শ দিতে চান, সেক্ষেত্রে wb.tourism.freshproposal@gmail.com আইডিতে মেল করতে পারেন। যিনি প্রস্তাব বা পরামর্শ দিচ্ছেন, তাঁর নাম, ফোন নম্বর কিংবা সংশ্লিষ্ট সংগঠনের নাম উল্লেখ করতে হবে। পর্যটন সম্পর্কিত বিষয়ে যদি কারও কোনো অভিযোগ কিংবা আপত্তি থেকে থাকে, মেল করে সেটাও দপ্তরের মন্ত্রীকে জানানো যাবে। এক্ষেত্রে মেল আইডি mic. wbtourism.official@gmail.com. রাজ্যের পর্যটনমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করেও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনার সুযোগ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে appointment.mictourism@gmail.com আইডিতে মেল করতে হবে। মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের পর্যটন ব্যবসায়ীরা।
শনিবার মন্ত্রী শংকর ঘোষ বলেন, বিগত সরকারের সঙ্গে এটাই আমাদের সরকারের দৃষ্টিভঙ্গির ফারাক। আমরা মানুষের পরামর্শ ও প্রস্তাব নিয়েই রাজ্যের পর্যটন শিল্পকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছি। কারও যদি পর্যটন সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ বা আপত্তি থাকে, আমরা সেটাও জানার চেষ্টা করছি। এজন্য কারও ভায়া হয়ে আসার দরকার নেই। সরাসরি মেল করে প্রস্তাব, পরামর্শ কিংবা অভিযোগ সবটাই জানানো যাবে। কেউ চাইলে মন্ত্রীর সঙ্গে দেখা করেও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে পারেন।
হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, বর্তমান সরকারের পর্যটনমন্ত্রী যেভাবে সরাসরি ট্যুরিজম সংক্রান্ত প্রস্তাব, পরামর্শ কিংবা অভিযোগ গ্রহণের জন্য জানালা খুলে দিয়েছেন, তা খুব ভালো উদ্যোগ। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, ফিল্ডে কাজ করেন পর্যটন কর্মীরা। পর্যটনের প্রসারে কোথায়, কী প্রয়োজন, সেটা তাঁরাই সবচেয়ে ভালো জানেন।