অভিযোগের ছ’ঘণ্টার মধ্যে চাঁচল থেকে ধৃত দুষ্কৃতী, উদ্ধার অলঙ্কার
বর্তমান | ২৮ জুন ২০২৬
সংবাদদাতা, ইটাহার: ছিনতাইয়ের অভিযোগ পেয়ে ছয় ঘণ্টার মধ্যে চাঁচল থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে ইটাহারের সরাইদিঘি স্কুলপাড়া রোডে এক মহিলার সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় বাইকে থাকা দুই দুষ্কৃতী। তদন্তে নেমে শুক্রবার চাঁচল থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার সোনার চেনটি। ধৃত কালু মহম্মদ মালদহ জেলার চাঁচলের উমরপুর এলাকার বাসিন্দা। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে পুলিশ। অধরা আরও এক যুবক। রাতে নিজের ফাস্ট ফুডের দোকানের বারান্দায় বসেছিলেন স্কুল রোড এলাকার বাসিন্দা অনিমা বসাক। সেসময় দুই যুবক বাইক নিয়ে এসে দোকানের সামনে দাঁড়ায়। এরপর এক যুবক মাস্ক পরে দোকানের বারান্দায় এসে অনিমার গলা থেকে সোনার চেন ছিঁড়ে নিয়ে বাইকে উঠে চম্পট দেয়। অনিমা বাইকের পিছনে ধাওয়া করলেও দুই যুবক পালিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ জানান অনিমা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, দুষ্কৃতীরা চাঁচল থানা এলাকার। ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার দিন বেশ কয়েকবার বাইক নিয়ে ওই রাস্তায় রেকি করে দুষ্কৃতীরা। ধৃতের বিরুদ্ধে চাঁচল থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এসডিপিও মহম্মদ বদিউজ্জামান বলেন, অভিযোগ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করেছি। সঙ্গে সোনার অলঙ্কার উদ্ধার হয়েছে। আরেক জনের খোঁজ চলছে।