• মহিষাদলের রথ পরিচালনায় নয়া কমিটি, উপদেষ্টা শিশির
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • সংবাদদাতা, হলদিয়া: মহিষাদলের ঐতিহ্যবাহী রথ নিয়ে শনিবার পঞ্চায়েত সমিতির সভাঘরে মিটিং হল। এবার দীর্ঘদিন পর নতুন রথ কমিটি তৈরি হয়েছে। রথ কমিটিতে এবার প্রধান উপদেষ্টা হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ শিশির অধিকারী। এছাড়া বিধায়ক, প্রশাসনিক আধিকারিক, পঞ্চায়েত সদস্য, রাজ পরিবারের সদস্য ও স্থানীয় বিশিষ্টরা রয়েছেন। ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি ও রথ কমিটি যৌথভাবে রথ পরিচালনা করে। বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, রথ পরিচালন কমিটির কর্মকর্তা সুন্দরলাল গুড়িয়া বলেন, এবার রথ কমিটি মেলার জন্য ওপেন টেন্ডার ডাকছে। এজন্য পঞ্চায়েত সমিতি সোমবার টেন্ডার নোটিস দেবে। নিলামে সর্বোচ্চ দর যিনি বা যে সংস্থা দেবে, তাদেরই রথের মেলায় দোকান বসানোর অনুমতি দেওয়া হবে। এদিন মিটিংয়ে বিধায়ক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রঘুনাথ পণ্ডাকে গত তিন বছরের মেলার নিলাম ও খরচের হিসেবপত্র দেখার দায়িত্ব দিয়েছেন। সেই অনুযায়ী নিলাম ডাকা হবে। রথ সড়কে এবার কোনো দোকান বসানো হবে না বলে জানিয়েছেন বিধায়ক। রথ সড়কের দখলদার স্থায়ীভাবে সরানোর দাবি উঠেছে এদিনের মিটিংয়ে। রথের দিন কয়েক হাজার মানুষকে ভোগ প্রসাদ বিলি করা হবে। পুরীর জগন্নাথদেবের মহাপ্রসাদ এনে বিলির উদ্যোগ নিচ্ছে রথ কমিটি। এছাড়া, মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ভার্চুয়ালি রথযাত্রার সূচনা করার দাবিও উঠেছে মিটিংয়ে। বিধায়ক বলেন, বৈঠকে বিশিষ্ট নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে এভাবে কমিটি গঠন হয়নি। রথের সংস্কার নিয়েও এদিন আলোচনা হয়। তবে এত কম সময়ে কীভাবে রথের চাকা সারানো হবে, তা নিয়ে চিন্তা রয়েছে।
  • Link to this news (বর্তমান)