• রাজ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি, ১ জুলাই থেকেই কার্যকর
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের শ্রমিকদের জন্য বড়ো ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ জুলাই থেকে বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরতদের জন্য বর্ধিত বেতন কাঠামো কার্যকর হবে। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বেতন কাঠামো দু’টি জোন (এ এবং বি) অনুযায়ী কার্যকরী হবে। জোন ‘এ’ অর্থাৎ পুরসভা, নোটিফায়েড এলাকা, উন্নয়ন কর্তৃপক্ষ ও থার্মাল পাওয়ার প্লান্ট সংলগ্ন টাউনশিপ এলাকা। জোন ‘বি’-তে রয়েছে রাজ্যের বাকি অংশ। জোন ‘এ’-তে অধিকাংশ অদক্ষ শ্রমিকদের জন্য মাসিক ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে ১০,৫৫৮ টাকা (দৈনিক ৪০৬ টাকা)। আর জোন বি-তে ৯,৭৬০ টাকা (দৈনিক ৩৭৫ টাকা)। 

    এছাড়াও  অর্ধদক্ষ বা ‘সেমি স্কিলড’দের জোন এ-তে নূন্যতম এক মাসের বেতন ১১,৬১৫ টাকা এবং জোন বি-তে ১০,৭৩৩ টাকা করা হয়েছে। দক্ষ বা ‘স্কিলড’ হলে নূন্যতম বেতন ১২,৭৭৭ টাকা (জোন এ) এবং ১১,৮০৭ টাকা (জোন বি)। আর অত্যন্ত দক্ষ বা ‘হাইলি স্কিলড’ হলে জোন এ-তে ন্যূনতম বেতন ১৪,০৫৪ টাকা এবং জোন বি-তে ১২,৯৯০ টাকা।

    মজুরির এই নতুন হার অটোমোবাইল গ্যারাজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ, ক্লিনিক্যাল ল্যাব, ক্যুরিয়ার সার্ভিস, হোটেল-রেস্তরাঁ, আইটি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্পসহ বিভিন্ন শিল্প ও পরিষেবার মোট ৩১টি নির্ধারিত ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিদিনের কাজের সময় হবে ৮ ঘণ্টা এবং সপ্তাহে সর্বাধিক ৪৮ ঘণ্টা কাজের সীমা বজায় থাকবে। সাপ্তাহিক ছুটির দিনে কাজ করালে শ্রমিকদের দ্বিগুণ হারে মজুরি দিতে হবে। শ্রমিকদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং।
  • Link to this news (বর্তমান)