• যাদবপুর অনুদান পেলেও আশ্বাস জুটল না কলকাতা বিশ্ববিদ্যালয়ের, শ্যামাপ্রসাদ পক্ষ’ উপলক্ষ্যে ক্যাম্পাসে অর্থমন্ত্রী
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্র ও রাজ্য মিলিয়ে ১২০০ কোটি টাকা অনুদান পেতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য বাজেটে সেই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শনিবার তাঁকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, এই প্রতিষ্ঠানের জন্যও কোনো আর্থিক অনুদানের কথা তিনি ভাবছেন কি না। তাঁর ভাষণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে পড়া নিয়ে আক্ষেপও প্রকাশ করেছিলেন তিনি। তবে আপাতত যে যাদবপুরের মতো কলকাতা বিশ্ববিদ্যালয় কোনো আর্থিক অনুদান পাবে না, সেই আভাসও মিলেছে তাঁর কথায়। তিনি বলেন, ‘টাকা ছড়ালেই তো সব হয় না। মানোন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন।’ তবে তিনি এও বলেন, ‘আট মাসের বাজেট হয়েছে। ফলে এখনই সবকিছু চূড়ান্ত নয়। এই বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে যা যা প্রয়োজন, সবই সরকার করবে।’

    এদিন ‘শ্যামাপ্রসাদ পক্ষ’ উপলক্ষ্যে কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। সেখানে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ঐতিহ্য, শ্যামাপ্রসাদ সহ বিভিন্ন মনীষীদের অবদান, পালি, প্রাকৃত, সংস্কৃত, আর্কিওলজি বিষয়ের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেক বড়ো একটা ঐতিহ্য রয়েছে। তবে এখন এটির সীমানা ছোটো হতে হতে এশিয়া তো বটেই, ভারতের মধ্যেও অনেক নীচে নেমে গিয়েছে।’ তাঁর বক্তব্য, ‘এ রাজ্যে শিল্প বাণিজ্যের পাশাপাশি শিক্ষা-সংস্কৃতিরও উন্নতি ঘটাতে হবে। উচ্চশিক্ষার উন্নতি কলকাতা বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে সম্ভব নয়।’ তিনি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য ৫০ কোটি টাকা অনুদানের প্রসঙ্গও তোলেন। এও বলেন, ‘কলকাতা একটি প্রিমিয়ার (কুলীন) বিশ্ববিদ্যালয়। যাদবপুরের ক্ষেত্রে একটি টেকনিক্যাল ব্যাপার ছিল।’ তবে কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুদান দেওয়ার কোনো আশ্বাস দিয়ে যাননি তিনি।
  • Link to this news (বর্তমান)