• ওটিপি দিয়ে রেশন তুলতে সমস্যা, খাদ্যসচিবকে চিঠি
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোবাইলে আসা ওটিপি ব্যবহার করে রেশনের খাদ্যসামগ্রী তুলতে গ্রাহকদের সমস্যা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে এই সমস্যা চলায় অনেক গ্রাহক মাসের বরাদ্দ খাদ্য সংগ্রহ করতে পারছেন না বলে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন লিখিত অভিযোগ করেছে রাজ্যের খাদ্যসচিব জগদীশ প্রসাদ মিনার কাছে। রেশন দোকানের ই-পস মেশিনে গ্রাহকের আধার নম্বর যাচাই হলে তবেই তিনি বরাদ্দ সামগ্রী পান। আঙুল বা চোখের মণির মাধ্যমে বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া সম্পন্ন না হলে আধারে নথিভুক্ত মোবাইল নম্বরে ওটিপি আসে। সেই ওটিপি নম্বরটি ই-পস মেশিনে দিলে গ্রাহকের স্লিপ বের হয় ও পরিমাণমতো খাদ্য তিনি পান। 

    অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু চিঠিতে বলেছেন, আধারের নিয়ন্ত্রক ইউআইডিএআই কর্তৃপক্ষের সার্ভারে কোনো সমস্যার জন্য ওটিপি আসছে না বলে তাঁরা জানতে পেরেছেন। আধার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত এই সমস্যা মেটানোর জন্য খাদ্যদপ্তরকে অনুরোধ করা হয়েছে। বহু মানুষের শারীরিক কারণে আঙুল বা চোখের মণি ব্যবহার করে আধার  যাচাই করা সম্ভব হয় না। সাইবার প্রতারণার আশঙ্কায় কেউ কেউ বায়োমেট্রিক তথ্য ‘লক’ করে রাখেন। এরকম বহু মানুষ রেশন তুলতে পারছেন না। 
  • Link to this news (বর্তমান)