• তারকেশ্বরে জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ কাউন্সিলারের বিরুদ্ধে
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • সংবাদদাতা, তারকেশ্বর: তারকেশ্বরে একজনকে নকল মালিক সাজিয়ে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন দলিল লেখক ও স্থানীয় বাসিন্দারা। তারকেশ্বর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাজিতপুর তেলার পাড়ে প্রায় দুই কাঠা জায়গা প্রায় সত্তর বছর মালিকানাহীন অবস্থায় ছিল। ২০১৭ সালে এই ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন রূপা সরকার। অভিযোগ, ওই বছরের ২৪ আগস্ট একজনকে মালিক সাজিয়ে ওই দু’কাটা জায়গা নিজের নামে লিখিয়ে নেন কাউন্সিলার। প্রতিবাদে সরব হন স্থানীয় বাসিন্দারা। এরপর থেকেই চলতে থাকে হুমকি। স্থানীয় বাসিন্দা সন্ধ্যা সাঁতরা বলেন, আমার বয়স প্রায় ৭০। জ্ঞান হওয়ার পর থেকে এই জায়গার কোনো মালিক আমরা দেখিনি। বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান, ক্লাবের পুজো, পারিবারিক অনুষ্ঠান এইখানেই হতো। নকল মালিক সাজিয়ে জায়গাটি কাউন্সিলার নিজের নামে লিখিয়ে নিয়েছেন। তড়িঘড়ি পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয় জায়গা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, অবিলম্বে এই জায়গা আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।

    শুক্রবার স্থানীয় বাসিন্দারা দলিল লেখক ও সাক্ষী শ্যামল সী-কে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তখন তিনি স্বীকার করেন যে, তিনিও বর্তমান চেয়ারম্যান উত্তম কুণ্ডুর চাপে স্বাক্ষী হয়েছেন। আরেক দলিল লেখক ভবনাথ মালিকও চেয়ারম্যান উত্তম কুণ্ডু, কাউন্সিলার রুপা সরকার, তৃণমূল নেতা শ্রীকান্ত গোস্বামীর বিরুদ্ধে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি গ্রামবাসীদের পক্ষ থেকেও এই বিষয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়।

    স্থানীয় বিজেপি নেতা শুভ দাস বলেন, চেয়ারম্যান ও এই কাউন্সিলারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। প্রশাসনের কাছে আবেদন, জায়গাটি ফের গ্রামবাসীদের ব্যবহারের জন্য দেওয়া হোক। নকল মালিক সাজিয়ে যেভাবে জমিটি বিক্রি করা হয়েছে, তার তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তি দেওয়া হোক। এই বিষয়ে রূপা সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে একটি বহুতল ভবনের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে এই কাউন্সিলার, চেয়ারম্যান সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তারপর থেকেই বাড়িছাড়া অভিযুক্ত কাউন্সিলার রূপা সরকার।
  • Link to this news (বর্তমান)