৮০০ গ্রাম পঞ্চায়েতে শ্লথ গতিতে এগচ্ছে উন্নয়নের কাজ, চ্যালেঞ্জ অতিক্রম করে ১২৫ দিনের কাজ প্রকল্প রূপায়ণের পথে রাজ্য
বর্তমান | ২৮ জুন ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ প্রকল্প বা ভিবি জিরামজি প্রকল্প চালু করতে সবরকম প্রস্তুতি সেরে রেখেছে রাজ্য। এখন শুধু রাজ্য মন্ত্রিসভার ছাড়পত্রের পর বিজ্ঞপ্তি জারির অপেক্ষা। কিন্তু, এরাজ্যে প্রকল্প সফল হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, সূত্রের খবর, রাজ্যের ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮০০টির কাছাকাছি পঞ্চায়েতে থমকে গিয়েছে সমস্ত কাজ। শুধু মাত্র ই-স্বাক্ষরের মাধ্যমে কর্মরতদের মাইনের মেটানো ছাড়া অন্য কোনো প্রকল্পের বরাদ্দ অর্থ খরচই হচ্ছে না এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলিতে। যার নিদর্শন, গত ৯ জুন থেকে চালু হওয়া মনরেগা বা ১০০ দিনের কাজ প্রকল্প। রাজ্যের কাছে আসা তথ্য অনুযায়ী, প্রকল্প চালু হওয়ার পরে আড়াই সপ্তাহ কেটে গেলেও, ৩০০টি গ্রাম পঞ্চায়েতে ছাড়া কোথাও চালু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। এমনকি খরচ হচ্ছে না অর্থ কমিশনের টাকাও। এই পরিস্থিতিতে কার্যত ‘অকার্যকর’ হয়ে পড়া এই বিপুল সংখ্যক গ্রাম পঞ্চায়েত রাজ্যের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আর এই চ্যালেঞ্জকে অতিক্রম করেই এরাজ্যে বিভি জিরামজি প্রকল্পের সফল বাস্তবায়ন নিয়ে আত্মবিশ্বাসী রাজ্যের শীর্ষমহল।
এসবের মাঝেই আগামী রবিবার এবং সোমবার প্রতিটি রাজ্যকে নিয়ে গ্রামোন্নয়ন প্রকল্প সংক্রান্ত পর্যালোচনা বৈঠক হবে নয়াদিল্লিতে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের পদস্থ কর্তারা রবিবার বৈঠকে যোগ দেবেন বলে সূত্রের খবর। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের সোমবার সেই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানেও আলোচনা হতে পারে মনরেগা প্রকল্পের অগ্রগতি এবং ভিবি জিরামজি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে। রাজ্যের ১০০ দিনের কাজ সংক্রান্ত বরাদ্দের অর্থ নিয়েও কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রীর মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।
কিন্তু, এরাজ্যে প্রকল্প রূপায়ণ নিয়ে সংশয়ের কারণ কী? রাজ্যে অধিকাংশ পঞ্চায়েতই রয়েছে তৃণমূলের অধীনে। কিন্তু পালাবদলের পর ভয়ে বহু জায়গায় প্রধান থেকে সাধারণ সদস্য, কেউই অফিসমুখো হচ্ছেন না। ফলে ধাক্কা খাচ্ছে উন্নয়নের কাজও। ভিবি জিরামজি প্রকল্পের মাধ্যমে ১২৫ দিন করে কাজ পাবেন রাজ্যের জবকার্ড হোল্ডাররা। কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলির এহেন অচলাবস্থা না কাটলে প্রকল্প রূপায়ণে ব্যাপক সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়টি নিয়ে রাজ্যের শীর্ষপর্যায়েও আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। জানা গিয়েছে, দক্ষিণের কোনো একটি রাজ্য থেকে গোটা দেশের জন্য ভিবি জিরামজি প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। ফলে ওইদিনই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চালু করতে চায় রাজ্য। তবে বাস্তবে তা কবে রাজ্যে চালু হচ্ছে, তা বোঝা যাবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে।