নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্যজুড়ে বছরভর বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিল নবান্ন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের সমস্ত জেলা সদর, মহকুমা, ব্লক, পুরসভা এবং শিক্ষা প্রতিষ্ঠানে তাঁর জীবনী নিয়ে আলোচনা করতে হবে। প্রতিটি জেলায় জেলা শাসকের নেতৃত্বে একটি বিশেষ উদযাপন কমিটি গঠন করা হবে। কমিটিতে পুলিশ সুপার বা কমিশনার, অতিরিক্ত জেলা শাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পুর কমিশনার বা পুরসভার এগজিকিউটিভ অফিসার, মহকুমা শাসক, জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ বিভিন্ন আধিকারিকরা থাকবেন।
পাশাপাশি সংশ্লিষ্ট জেলার সাংসদ, বিধায়কদের মনোনীত সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি, সরকারপোষিত ও সরকার-সহায়তাপ্রাপ্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক, আইটিআই-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও বিশেষ কর্মসূচির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তাঁর স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ ও সংস্কার করা হবে। আর তাঁর জীবন ও অবদান নিয়ে গ্যালারি গড়ে তোলা, নথি, বক্তৃতা ও চিঠিপত্র ডিজিটাইজ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্মারক ফলক স্থাপন হবে।