• বই পড়ার অভ্যাস বাড়াতে প্রতিযোগিতা
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে বই পড়ার অভ্যাস ফেরাতে অভিনব উদ্যোগ নেওয়া হল শহরে। জুন ও জুলাই মাসজুড়ে স্কুলস্তরের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে বিশেষ প্রতিযোগিতা। থাকছে ‘স্টোরি চেইন’ বা গল্পের মালা, ‘রোল প্লে’ বা চরিত্রাভিনয়, ‘অডিও ড্রামা’ বা শ্রুতিনাটকের মতো আকর্ষণীয় এবং সৃজনশীল বিভাগ। সহযোগিতা করছে আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউট সহ বিভিন্ন সংগঠন।

    আয়োজকদের তরফে দেবর্ষি বিশ্বাস বলেন, শুক্রবার প্রতিযোগিতার প্রথম পর্ব হল ভবানীপুরের আশুতোষ মুখার্জি মেমোরিয়াল ইনস্টিটিউটের অডিটোরিয়ামে। মূল প্রতিযোগিতা হবে ৪ জুলাই, সাখাওয়াত মেমোরিয়াল গভঃ গার্লস হাইস্কুলে। যে সাতটি নামী স্কুল অংশ নিচ্ছে সেগুলি হল, সাখাওয়াত মেমোরিয়াল গভঃ গার্লস হাইস্কুল, বেথুন কলেজিয়েট স্কুল, সংস্কৃত কলেজিয়েট স্কুল, মাল্টিপারপাস গভঃ গার্লস স্কুল, মিত্র ইনস্টিটিউশন (ভবানীপুর শাখা), রোটারি বিবেকানন্দ স্কুল (জয়নগর) ও চেতলা বয়েজ স্কুল। 
  • Link to this news (বর্তমান)