• পৃথক ৯০ লক্ষ টাকার সাইবার প্রতারণা, বিধাননগরে ধৃত তিন
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: পৃথক ৯০ লক্ষ টাকার সাইবার প্রতারণায় তিনজনকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এর মধ্যে বাগুইআটির এক যুবকের ৫৮ লক্ষ ৪৭ হাজার টাকা প্রতারণার মামলায় ২ জন এবং রাজারহাটের এক যুবকের ৩১ লক্ষ ৬০ হাজার টাকা প্রতারণায় ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। এই প্রতারণা চক্রে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে বিধাননগর পুলিশ।

    পুলিশ জানিয়েছে, বাগুইআটির ওই যুবক বিনিয়োগ প্রতারণার ফাঁদে পড়েছিলেন। উচ্চ রিটার্নের ফাঁদে ফেলে প্রতারকরা তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে বিনিয়োগ করায়। ওই যুবক ৫৮ লক্ষ ৪৭ হাজার টাকা বিনিয়োগ করে দিয়েছিলেন। কিন্তু, রিটার্ন তো দূরের কথা, বিনিয়োগ করা অর্থই ফিরে পাননি। তিনি গত ৭ মে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই ঘটনায় শুক্রবার দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম ওয়াসিম আক্রম এবং সুরজিৎ মণ্ডল। ওয়াসিমের বাড়ি নিউটাউনে এবং সুরজিতের বাড়ি মগরাহাটে।

    রাজারহাটের যুবকও একই ধরনের বিনিয়োগ প্রতারণার ফাঁদে পড়েছিলেন। তাঁকেও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করায় প্রতারকরা। উচ্চ রিটার্নের টোপ গিলে তিনিও ৩১ লক্ষ ৬০ হাজার টাকা বিনিয়োগ করেন। তিনিও কোনও টাকা ফিরে পাননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে, তিনি গত ৭ ফেব্রুয়ারি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ রবিবার একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম অসীম ছেত্রী। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকায় তার বাড়ি।
  • Link to this news (বর্তমান)