• আবারও মেসি ম্যাজিক, পরাস্ত জর্ডন
    বর্তমান | ২৮ জুন ২০২৬
  • টেক্সাস, ২৮ জুন: শেষ মুহূর্তে আবারও মেসি ম্যাজিক, যা দেখতে অপেক্ষায় থাকে বিশ্বের একাধিক ফুটবলপ্রেমী। আজ ভারতীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে ডালাস স্টেডিয়ামে শুরু হয়েছিল জমজমাট আরও একটি ম্যাচ। কিন্তু আজকের ম্যাচের আগেই মেসির দল উঠে গিয়েছিল রাউন্ড অব ৩২-এ। সেই কারণে এদিন ম্যাচ শুরুর প্রথম থেকে মাঠে পা রাখে নি বিশ্বসেরা লিওনেল মেসি। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা শুরু করেছিল মেসিহীন আর্জেন্টিনা। পাসের ছন্দ, বলের গতি সবমিলিয়ে গোটা ম্যাচে যেন এক অনবদ্য খেলা দেখায় আর্জেন্টিনা। মাঠের মধ্যে বলের নিয়ন্ত্রণ পুরোটাই আর্জেন্তিনার দখলে ছিল। নীল জার্সির তরফে একাধিকবার গোল করার চেষ্টার পর ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোলটি আসে। বক্সের বাইরে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন জিওভানি লো সেলসোর। এরপর দ্বিতীয় গোলটি আসে ৩১ মিনিটে। পেনাল্টিতে গোলটি করেন মার্টিনেজ। প্রথমার্ধের শেষ দিকে বক্সের বাইরে ডান দিকে ফ্রি-কিক পেয়েছিল আর্জেন্টিনা। সেলসোর নেওয়া ফ্রি-কিক থেকে বক্সে ফাঁকায় বল পান ওটামেন্ডি। তাঁর হেড অল্পের জন্য বাইরে চলে যায়। ফলে ২ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় আর্জেন্টিনাকে।

    বিরতির পর দ্বিতীয়ার্ধের চিত্রটি একদম বদলে যায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল মুসা আল তামারি। গোলের সুযোগ তৈরী করে ঠিক ৫৫ মিনিটে জালের ভিতরে বল ঢোকাতেই স্কোরলাইনে ২-০ থেকে ২-১ আনতে সক্ষম হয় জর্ডনের এই ভয়ঙ্কর খেলোয়াড়। এরপর খেলা আবারও শুরু হলেও ৬০ মিনিটে স্তব্ধ হয়ে গেল গোটা স্টেডিয়াম। বল নিয়ে ম্যাজিক দেখাতে এবং অনুরাগীদের নিরাশ না করতে মাঠে পা রাখলেন লিওনেল মেসি। মাঠে নামতেই নিজের ড্রিবেল এবং গতি দিয়ে দলকে আরও এক গোলে এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন তিনি। অবশেষে প্রায় ৮০ মিনিট সময়ে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। যা নিতে আসেন এলএম১০। নিখুঁত সেই ম্যাজিক যুক্ত বাঁ পায়ের শটে জর্ডনের গোলরক্ষককে পরাস্ত করে জালের ভিতর বল ঢুকিয়ে দেন মেসি। শেষ পর্যন্ত ৩-১ গোলে জর্ডনকে পরাস্ত করল আর্জেন্টিনা। আজকের ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপের প্রথম স্থানেই গ্রুপ পর্ব শেষ করল আর্জেন্টিনা। যার ফলে নকআউটে কেপ ভার্দের বিপক্ষে খেলবেন এলএম১০-এর দল।
  • Link to this news (বর্তমান)