কঠিন লড়াই ব্রাজিল-পর্তুগালের, চ্যালেঞ্জের মুখে আর কোন দেশ? দেখুন রাউন্ড অফ ৩২-এর পূর্ণ সূচি
প্রতিদিন | ২৮ জুন ২০২৬
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। প্রথমবার ৪৮ দেশের বিশ্বকাপ। অনেকেই ধারণা করেছিলেন, হয়তো বেশি দল সুযোগ পাওয়ায় বহু একপেশে ম্যাচ দেখতে হবে। কিন্তু গ্রুপ পর্বের শেষে দেখা যাচ্ছে, তেমন কিছু হয়নি। একটা-দুটো ম্যাচ বাদ দিলে তথাকথিত ছোট দলগুলির প্রায় সবাই নিজেদের সেরাটা দিয়েছে। এবং চমকপ্রদ ভাবে এমন কিছু দেশ নকআউট পর্বে চলে গিয়েছে, যা বহু ফুটবলপ্রেমীই ভাবতে পারেননি।
এবার যেমন ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপের নকআউটে খেলবে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫ লক্ষ জনসংখ্যার দেশ কেপ ভার্দেও উঠে পড়েছে নকআউটে। আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। অন্য তথাকথিত ছোট দলের মধ্যে চমক দিয়েছে আয়োজক কানাডা, কঙ্গো, বসনিয়া, অস্ট্রেলিয়া, আলজেরিয়ার মতো দেশ।
শেষ ৩২-এ মোটামুটিভাবে বেশিরভাগ ফেভারিট দলই সহজ প্রতিপক্ষ পেয়েছে। একমাত্র পর্তুগালকে লড়তে হবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। কঠিন লড়াই ব্রাজিলেরও। এশিয়ার শক্তিধর দেশ জাপানের বিরুদ্ধে লড়তে হবে তাদের। এছাড়া স্পেন বনাম অস্ট্রিয়া, নেদারল্যান্ডস বনাম মরক্কো ম্যাচগুলি বেশ চ্যালেঞ্জিং। জার্মানিকে বেগ দিতে পারে প্যারাগুয়ে, ফ্রান্সের সামনে সুইডেন। বেলজিয়াম-সেনেগাল ম্যাচও জমজমাট হতে পারে।
এবারের মতো বিশ্বকাপ অভিযান শেষ হচ্ছে ১৬টি দলের। খানিকটা অঘটন ঘটিয়ে ছিটকে গিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। এছাড়া দুর্ভাগ্যজনকভাবে নকআউটে খেলা হচ্ছে না ইরানের। আর যে দলগুলি ছিটকে গেল, সেগুলি হল স্কটল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, তিউনিসিয়া, কাতার, পানামা, উজবেকিস্তান, হাইতি, জর্ডন, ইরাক, সৌদি আরব, কুরাসাও এবং নিউজিল্যান্ড।