• ৫২ বছরের প্রতীক্ষার অবসান, উজ়বেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে নকআউটে ডিআর কঙ্গো
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • ৫২ বছরের অপেক্ষার অবসান, আর সেই সঙ্গে বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস। এক গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে উজ়বেকিস্তানকে (Uzbekistan) ৩-১ গোলে হারাল ডিআর কঙ্গো (DR Congo)। এই জয়ে শুধু বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ই পেল না আফ্রিকার দেশটি, প্রথম বারের মতো জায়গা করে নিল নকআউট পর্বেও। ফিলাডেলফিয়ার রাত তাই ডিআর কঙ্গোর ফুটবল ইতিহাসে সোনালি অক্ষরে লেখা থাকবে। আর এই ঐতিহাসিক জয়ের নায়ক ইয়োয়ানে উইসা, যাঁর জোড়া গোল ভেঙে দিল পাঁচ দশকেরও বেশি সময়ের অপেক্ষা। শেষ ৩২-এ এ বার তাদের সামনে ইংল্যান্ডের চ্যালেঞ্জ।

    প্রথমে পিছিয়ে পড়ে চাপে পড়ে ডিআর কঙ্গো

    বিশ্বকাপে (FIFA World Cup) প্রথম বার খেলতে নামা উজ়বেকিস্তান শুরু থেকেই বুঝিয়ে দিয়েছিল, তারা লড়াই করতেই মাঠে নেমেছে। ম্যাচের ১০ মিনিটেই আসে প্রথম ধাক্কা। আব্বসবেক ফাইজুল্লায়েভের নিখুঁত পাস থেকে গোলরক্ষক লিওনেল এমপাসিকে পরাস্ত করে দুর্দান্ত লবে বল জালে জড়িয়ে দেন অধিনায়ক এলদর শোমুরোদভ। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় উজ়বেকিস্তান।

    তবে সাত মিনিট পরই সমতা ফিরিয়েছিল ডিআর কঙ্গো। নাথানায়েল এমবুকুর দুর্দান্ত শট জালে জড়ালেও VAR-এর হস্তক্ষেপে গোল বাতিল হয়ে যায়। ফলে হতাশা আরও বাড়ে আফ্রিকার দলটির। প্রথমার্ধে বলের দখল বেশি থাকলেও উজ়বেকিস্তানের সুশৃঙ্খল রক্ষণ ভাঙার রাস্তা খুঁজে পাচ্ছিল না তারা।

    উইসার পেনাল্টিতে ঘুরে দাঁড়ানো

    দ্বিতীয়ার্ধেও ম্যাচ যত এগোচ্ছিল, ততই উদ্বেগ বাড়ছিল ডিআর কঙ্গোর শিবিরে। কিন্তু ৬৮ মিনিটে বদলে যায় ম্যাচের গল্প। বক্সের মধ্যে ইয়োয়ানে উইসাকে ফাউল করেন আবদুকোদির খুসানোভ। পেনাল্টি পেয়ে সুযোগ হাতছাড়া করেননি উইসা। ঠান্ডা মাথায় গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে সমতা ফেরান তিনি। গোলের পর যেন নতুন প্রাণ ফিরে পায় ডিআর কঙ্গো। আক্রমণের গতি বাড়িয়ে একের পর এক চাপ সৃষ্টি করতে থাকে তারা। তারই ফল মেলে ৭৮ মিনিটে। মেশাক এলিয়ার তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে ফিস্টন মায়েলে বল জালে জড়ান। মুহূর্তেই ১-০ পিছিয়ে থাকা দল ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

    ইতিহাস গড়ার রাত

    এক গোলে এগিয়ে যাওয়ার পরও থামেনি ডিআর কঙ্গো। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ম্যাচে শেষ আঘাত হানেন ইয়োয়ানে উইসা। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। সেই গোলের সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে যায় ৩-১ ব্যবধানের জয় এবং ইতিহাস।

    শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠেন ডিআর কঙ্গোর ফুটবলার ও সমর্থকেরা। ১৯৭৪ সালের পর বিশ্বকাপে ফিরে এসে প্রথম জয়, প্রথম বার নকআউটে ওঠা— এক রাতেই একাধিক স্বপ্ন পূরণ করল আফ্রিকার দলটি। গ্রুপ পর্বে ক্রিস্তিয়ানো রোনাল্দোর পর্তুগালকে রুখে দেওয়ার পর এ বার উজ়বেকিস্তানকে হারিয়ে আরও বড় বার্তা দিল তারা। এখন তাদের সামনে আরও কঠিন পরীক্ষা— শেষ ৩২-এ প্রতিপক্ষ ইংল্যান্ড।
  • Link to this news (এই সময়)