• চলন্ত গাড়িতে বিস্ফোরণ, বোমা ফাটিয়ে প্রেমিকাকে হত্যার চেষ্টা? চরম পরিণতি প্রেমিকের
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • চলন্ত গাড়ির ভিতরে ভয়ঙ্কর বিস্ফোরণ। দাউ দাউ করে আগুন ধরে যায় গাড়িটিতে। রবিবার সাতসকালে কর্নাটকের তুমাকুরু জেলায় ৪৮ নম্বর জাতীয় সড়কে চাঞ্চল্যকর ঘটনা। বিস্ফোরণের কয়েক মুহূর্ত আগে গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচেন এক তরুণী। তবে গাড়ির ভিতরে প্রাণ হারিয়েছেন এক যুবক। মৃত যুবকের নাম নাগেন্দ্র (৩০)। প্রবীণ নামে গাড়িচালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, এটি কোনও দুর্ঘটনা নয়, এটি পরিকল্পনামাফিক একটি আত্মঘাতী হামলার ঘটনা।

    নাগেন্দ্র উত্তর কন্নড় জেলার আঙ্কোলার বাসিন্দা। আহত তরুণী রম্যাও একই এলাকার বাসিন্দা এবং বেঙ্গালুরুতে একটি প্রতিষ্ঠানে ল্যাব/ওটি টেকনিশিয়ান হিসেবে কর্মরত। দু'জনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাগেন্দ্র ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ।

    শনিবার সকালে বেঙ্গালুরুর জয়নগর এলাকার একটি পেয়িং গেস্ট আবাসন থেকে জোর করে রম্যাকে একটি ভাড়া করা ক্যাবে তুলে নিয়ে যায় নাগেন্দ্র। বিষয়টি দেখে রম্যার এক বন্ধু অপহরণের অভিযোগ দায়ের করেন। গাড়িটি জাতীয় সড়ক ৪৮ ধরে আঙ্কোলার দিকে রওনা দেয়।

    পুলিশের জানিয়েছে, নাগেন্দ্র গাড়ির ভিতরে বোমা নিয়ে উঠেছিলেন। সেই বোমা থেকে বিস্ফোরণ ঘটে। তাতে গাড়িটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায় এবং ঘটনাস্থলেই নাগেন্দ্রর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে আরও একটি না ফাটা বোমা উদ্ধার করেছে পুলিশ।

    তুমাকুরুর পুলিশ সুপার অশোক কে. ভি. জানিয়েছেন, কী ভাবে নাগেন্দ্র বোমা সংগ্রহ করেছিলেন এবং পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। বেঙ্গালুরুর সিদ্ধাপুরা থানার পুলিশ এবং তুমাকুরুর কল্লামবেলা থানার পুলিশ যৌথ ভাবে ঘটনার তদন্ত করছে। আহত তরুণী চিকিৎসাধীন রয়েছেন।

  • Link to this news (এই সময়)