• ডিমবর্ষণের পর থেকেই আত্মগোপন, বহরমপুর থেকে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • বেশ কয়েকদিন ধরেই আত্মগোপন করেছিলেন। দেখা যাচ্ছিল না এলাকায়। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের পরে অশান্তির ঘটনায় নাম জড়িয়েছিল। রবিবার মুর্শিদাবাদের বহরমপুর এলাকা থেকে ভাঙড় ডিভিশনের অন্তর্গত উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ যৌথ অভিযানে তৃণমূল কংগ্রেসের বন ও ভূমি কর্মাধ্যক্ষ খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে সংঘটিত অশান্তির একটি মামলায় খায়রুল ইসলামের নাম অভিযুক্ত হিসেবে রয়েছে। অভিযোগ, সেই সময়ে ভাঙড়ের কচুয়া এলাকার বাসিন্দা ইসমাইল পাহাড়ি গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় দায়ের হওয়া অভিযোগে খায়রুল ইসলামের নাম উল্লেখ ছিল। সেই মামলার তদন্তের সূত্র ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

    জানা গিয়েছে, কয়েকদিন আগে খায়রুল ইসলামকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও মারধরের একটি ঘটনা ঘটে। এর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। রাজনৈতিক পালাবদলের পর পুলিশ তদন্তে গতি এনে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে।

    অবশেষে রবিবার বহরমপুর থেকে উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি পরবর্তী আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।

  • Link to this news (এই সময়)