• ডুয়ার্সের আকাশে আতঙ্কের কালো মেঘ! লাল সতর্কতা, ফুঁসছে তিস্তা-জলঢাকা
    News18 বাংলা | ২৮ জুন ২০২৬
  • অতি ভারী বৃষ্টিতে কার্যত ফুঁসে উঠেছে ডুয়ার্সের নদীগুলি। ভুটান ও সিকিম পাহাড় থেকে নেমে আসা লাগাতার জলের চাপে তিস্তা, জলঢাকা, ডায়না, লিশ ও ঘিস ও তোর্সা নদীতে প্রায় সবকটি নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়েছে। পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে জলপাইগুড়ি জেলাজুড়ে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎ-সহ আরও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে নদীগুলির ক্রমবর্ধমান জলস্তর।

    ইতিমধ্যেই ৩১ নম্বর জাতীয় সড়কের পাশে জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় সেচ দফতর জারি করেছে লাল সতর্কতা। অন্যদিকে তিস্তা নদীর কিছু অংশে রয়েছে হলুদ সতর্কতা। শুধু বড় নদীই নয়, বানারহাটের হাতিনালার জলও দ্রুত বাড়ছে। এর ফলে ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে ইতিমধ্যেই মাইকিং করে নদীতীরবর্তী এলাকার মানুষদের সতর্ক করা হয়েছে এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আকাশ জুড়ে ঘন কালো মেঘ, চলছে অবিরাম বৃষ্টি। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে নদীর ধারে বসবাসকারী পরিবারগুলি চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।এরই সঙ্গে আলিপুরদুয়ারের  তোর্সা নদীতেও জল বেড়ে যাওয়ায় রাস্তার উপর দিয়ে বইছে নদীর জল। ফলে আলিপুরদুয়ার ও শিলিগুড়ির মধ্যে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ডুয়ার্স জুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত থেকে মাঝারি ও ভারী বৃষ্টি। শনিবার রাত থেকেই ধূপগুড়ি, বানারহাট-সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। এর জেরে ক্রমশ বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীর জলস্তর। ডুয়ার্সের ডায়না, জলঢাকা, তিস্তা, তোর্সা, মূর্তি-সহ একাধিক নদীতে জল বাড়তে শুরু করেছে। যদিও সমতলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, পাহাড়ে মাঝেমধ্যেই ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে পাহাড়ি নদীগুলিতে জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। টানা বৃষ্টি চলতে থাকলে পাহাড়ে নতুন করে ধস নামার আশঙ্কাও তৈরি হয়েছে। বুধবারের আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।
  • Link to this news (News18 বাংলা)