• তৃণমূলের নাম-প্রতীক ঘিরে লড়াই তুঙ্গে, এ বার থানায় গেল কালীঘাট শিবির
    এই সময় | ২৮ জুন ২০২৬
  • ‘আসল তৃণমূল’ বনাম ‘কালীঘাট তৃণমূল’। এই মুহূর্তে এই দ্বন্দ্বই চলছে জোড়াফুল শিবিরে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের বিরুদ্ধে এ বার থানায় মমতা-শিবির। বিনা অনুমতিতে দলের নাম, প্রতীক ব্যবহারের অভিযোগ তুলে এ বার থানায় মমতাপন্থী নেত্রী দোলা সেন।

    ঋতব্রত-শিবিরের বিরুদ্ধে অনুমতি ছাড়া তৃণমূলের প্রতীক ব্যবহার-সহ একাধিক বিষয়ে নানা থানায় অভিযোগ হয়েছে। এর মধ্যে আছে নিউ টাউন, প্রগতি ময়দান, কালীঘাট ও সাইবার ক্রাইম থানা। নিউ টাউন, কালীঘাট থানায় দোলা সেন অভিযোগ করেছেন, অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা, বিপ্লব মিত্রদের মতো একাধিক নেতা তৃণমূলের প্রতীক ‘নকল’ করে, তৃণমূলের নাম ‘ভাঙিয়ে’ গত ২২ জুন নিউ টাউনের একটি হোটেলে ‘জমায়েত’ করেছেন। সেখান থেকেই জাতীয় কর্মসমিতি ঘোষণা করা হয়েছে। এই প্রক্রিয়া একেবারেই অবৈধ, দাবি করা হয়েছে দোলার অভিযোগপত্রে।

    যে হেতু হোটেলটি নিউ টাউন এলাকার মধ্যে পড়ে তাই নিউ টাউন থানায় অভিযোগ করা হয়েছে কালীঘাট শিবিরের তরফে। একই সঙ্গে যে হেতু তৃণমূলের প্রধান কার্যালয় কালীঘাটের ঠিকানায়, তাই সেই থানায়ও জানানো হয়েছে। অন্য দিকে, শনিবার একটি বৈঠক হয় প্রগতি ময়দান থানা এলাকায়। তাই প্রগতি ময়দান থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। যে হেতু প্রতীক নকলের অভিযোগ, তাই তা জানানো হয়েছে সাইবার ক্রাইম থানাতেও। অর্থাৎ তৃণমূলের নাম, প্রতীক নিয়ে দ্বন্দ্ব চরমে। এমন পরিস্থিতি যে, থানা পুলিশ করাও শুরু হয়ে গিয়েছে।

    এ বিষয়ে বিধায়ক ও ঋতব্রত-শিবির ঘোষিত নতুন জাতীয় কর্মসমিতির কোষাধ্যক্ষ আখরুজ্জমান বলেন, সব উত্তরই দেওয়া হবে আইনের পথে হেঁটে।

  • Link to this news (এই সময়)