'২-৩ মাস অন্তর...', বাংলায় চাকরি নিয়ে দাবি সুকান্তর
আজকাল | ২৮ জুন ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: আরও এক বার সরকারি সমস্ত শূন্যপদে দ্রুত নিয়োগের আশ্বাস। রবিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রতি বছর নিয়োগের প্রতিশ্রুতি দেন। জানান নিয়োগ হবে স্বচ্ছ ভাবে।
এদিন সকালে নিউটাউনের একটি অনুষ্ঠানে এসে সুকান্ত বলেন, "সরকার ব্যবস্থা নিচ্ছে শূন্যপদ দ্রুত পূরণ করার জন্য। তাঁর একটা নির্দিষ্ট রূপরেখা রয়েছে। স্কুল, উচ্চশিক্ষা-সহ বিভিন্ন সরকারি দপ্তরের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। এ বার সমস্ত পদ্ধতি মেনে সেই পদগুলিতে নিয়োগ হবে।"
তিনি আরও জানান, স্বচ্ছ ভাবে সমস্ত সরকারি পদে প্রতি বছর নিয়োগ হবে। সে ক্ষেত্রে কেউ যদি টাকা চায়, সরকারের কাছে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, এ দিন মন্ত্রী বলেন, "এসএসসি-এর ক্ষেত্রে মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউতে নিয়ম করে বেশি নম্বর দিয়ে দেওয়া চলবেনা। পার্সোনালিটি টেস্ট-এর যে পরিমাণ নম্বর থাকার প্রয়োজন তা থাকবে। যুবক যুবতীদের চাকরির সুযোগ বৃদ্ধির জন্য প্রতি দু'তিন মাস অন্তর 'জব ফেয়ার' বা চাকরি মেলার আয়োজন করা হবে।"
উল্লেখ্য, গতকালই ‘বিশ্ব এমএসএমই দিবস ২০২৬’ উপলক্ষে শনিবার কলকাতার দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-তে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন (TET&SD) দপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় শিল্প, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং রাজ্যের অর্থনৈতিক অগ্রগতিকে ঘিরে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি কলেজে শূন্য আসন, জাতীয় শিক্ষানীতি (NEP) এবং রাজ্যের উন্নয়ন মডেল নিয়েও তিনি বিস্তারিত বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, "নতুন সরকার এখনও কাজের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ধীরে ধীরে প্রশাসনিক গতি বাড়ছে এবং আগামী দিনে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও বড় পরিবর্তন দেখা যাবে।"
বিশ্ব MSME দিবসের অনুষ্ঠানে মন্ত্রী জানান, রাজ্য সরকার প্রযুক্তিগত শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তাঁর মতে, শক্তিশালী MSME ক্ষেত্রই কর্মসংস্থান বৃদ্ধি এবং 'বিকশিত ভারত ২০৪৭'-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।