• একটানা বাংলায় ঝড়-বৃষ্টি, জারি লাল সতর্কতাও; কোন জেলায়-কতদিন বর্ষণ?
    আজ তক | ২৮ জুন ২০২৬
  • উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া জেলাগুলিতে অতি প্রবল বৃষ্টি চলছে। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নতুন সপ্তাহে। নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কেমন থাকবে রাজ্যের ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

    হাওয়া অফিসের আপডেট
     ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের ৫টি জেলায়। সেই সঙ্গে নতুন সপ্তাহে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও। কলকাতায় আগামী সাত দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। পঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে ঋতুকালীন অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবচ্ছিন্ন ভাবে স্থলভাগে প্রবেশ করছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে সর্বত্র।

    উত্তরবঙ্গে লাল সতর্কতা
    দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে লাল সতর্কতা। একাধিক জেলায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টির আশঙ্কা থাকায় ভূমিধস, হড়পা বান ও জলবন্দি পরিস্থিতির সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি প্রবল বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে রবিবার এবং সোমবার। ৭ থেকে ২০ সেন্টিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। মঙ্গলবার থেকে বৃষ্টি সামান্য কমতে পারে। তবে দুর্যোগে চলবে। আগামী শনিবার পর্যন্ত এই পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও আগামী কয়েক দিনে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের আশা, বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে। তবে ততদিন পর্যন্ত পাহাড় ও ডুয়ার্সের বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নদী ও পাহাড়ি ঝরনার ধারে না যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। 

    দক্ষিণবঙ্গে বর্ষার গতি বাড়তে চলেছে
    নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ঝড়বৃষ্টি চলবে। রবিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার উত্তর ২৪ পরগনা এবং হুগলিতেও কমলা সতর্কতা জারি করেছেন আবহবিদেরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বর্ষণ হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। কলকাতায় আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি হলেও সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঝড়বৃষ্টির কারণে উত্তর বা দক্ষিণবঙ্গে তাপমাত্রায় খুব বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। 

    কলকাতার পরিস্থিতি
    রবিবার থেকে প্রতি দিনই কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার এবং বুধবার। সঙ্গে বইবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আজ  সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকলেও অতিরিক্ত আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা অনেক বেশি হতে পারে। দুপুরের পর থেকেই মেঘ জমে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আকাশ মেঘলা থাকতে পারে।
  • Link to this news (আজ তক)