• চাকরির টোপে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা, চাঞ্চল্য বাঁকুড়ায়
    দৈনিক স্টেটসম্যান | ২৮ জুন ২০২৬
  • হাসপাতালে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বাঁকুড়ার এক তৃণমূল নেতা। ধৃত ডাইজান আলি মণ্ডল বাঁকুড়ার চিঙ্গানী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে ওন্দা পঞ্চায়েত সমিতির সদস্য। রবিবার তাঁকে গ্রেপ্তার করে বাঁকুড়া জেলা আদালতে পেশ করে ওন্দা থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে ডাইজানে বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ পর্যন্ত কাউকেউ কোনও পদে নিয়োগ করা হয়নি। এমনকী, টাকা ফেরত চাইলেও নানা অজুহাতে তা এড়িয়ে যাওয়া হয়ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকা ফেরত চাইতে গেলে ডাইজান হুমকি দেয় বলেও অভিযোগ। শেষ পর্যন্ত সরকার বদলাতে পুলিশের জালে ধরা পড়ল ডাইজান।

    প্রতারিত চাকরিপ্রার্থীরা ডাইজানের বিরুদ্ধে ওন্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তে বেশ কিছু তথ্যপ্রমাণ হাতে আসার পর রবিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ওন্দা থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, হাসপাতালে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতা ডাইজানের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। তাই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

    অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডাইজান। আদালতে নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, তাঁকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি কারও কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোনও টাকা নেয়নি। ডাইজানের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার মানুষ ডাইজানের কড়া শাস্তির দাবি তুলেছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)