• ‘রাজনীতি ২৪ ঘণ্টার কাজ’, কংগ্রেসের ধারাবাহিক হারে রাহুলকে দায়ী করে কটাক্ষ প্রণবকন্যা শর্মিষ্ঠার 
    প্রতিদিন | ২৮ জুন ২০২৬
  • রাজনীতির ময়দানে কিছুদিন সক্রিয় থাকার পর যেন ‘গা ঢাকা দিয়েছেন’ বা ‘অদৃশ্য হয়ে গিয়েছেন’। এই ভাষাতেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এখানেই না থেমে রাহুলের নাম না করে শর্মিষ্ঠা বলেন, রাজনীতি অবশ্যই সর্বক্ষণের কাজ হওয়া উচিত।

    একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে শর্মিষ্ঠা অভিযোগ করেছেন, রাহুল যবে থেকে কংগ্রেসের মুখ হয়ে উঠেছেন, তবে থেকেই একের পর এক নির্বাচনে কংগ্রেস হারছে। বিগত ২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কে প্রণবকন্যার মন্তব্য, “ওই নির্বাচনে কংগ্রেস ৯৯টি আসনে জয়লাভ করেছিল। তার আগে রাহুল ভারত জোড়ো যাত্রা করেছিলেন। তার ফলও মিলেছিল।” যোগ করেন, “কিন্তু দুর্ভাগ্যজনক হল, কিছু কর্মসূচির পরেই অদৃশ্য হন রাহুল। ভারত জোড়ে যাত্রার প্রথমবার্ষিকীর সময় কোথায় ছিলেন তিনি? রাজনীতি চব্বিশ ঘণ্টা এবং ৩৬৫ দিনের কাজ। তুমি এলে এবং দু’দিন বাদে চলে গেলে, কিছু সভা করলে এবং অদৃশ্য হলে। আমার মতে এভাবে রাজনীতি করা যায় না।”

    শর্মিষ্ঠার মতে, কেবল জোট করে কেউ নির্বাচনে জিততে পারে না। কংগ্রেস দলটিকে শক্তিশালী হতে হবে। তিনি বলেন, “এমনকী আমি যখন কংগ্রেসে কাজ করতাম, তখনও তাদের মূল মনোযোগ ছিল জোট গঠনের মাধ্যমে জয়ী হওয়ার ওপর, দলীয় সংগঠনকে শক্তিশালী করার ওপর নয়। নিজেদের শক্তিতে জয়ী হওয়ার মতো মানসিকতা বা উদ্দীপনা, কোনওটাই তাদের মধ্যে নেই।” প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে মনে করেন, সাংগঠনিক শক্তি বিষয়ে অমনোযোগ এবং বারবার নির্বাচনী পরাজয় রাহুল গান্ধীর “ব্যর্থতা”কেই প্রতিফলিত করে।

    শর্মিষ্ঠা সাফ কথা, “২০১৪ সাল থেকে রাহুল গান্ধী কংগ্রেসের প্রধান মুখ। ২০১৪ সালের পর থেকে কংগ্রেস একের পর এক নির্বাচনে হেরে চলেছে… প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন জননেতা। বিপুল জনসমর্থন থেকেই তাঁর জনপ্রিয়তা স্পষ্ট বোঝা যায়। রাহুল গান্ধী কংগ্রেসের জন্য তেমন জনসমর্থন আদায় করতে পারছেন না। এটি রাহুল গান্ধীরই ব্যর্থতা।” অতীতে কংগ্রেসের শীর্ষনেতা, একাধিক বারের কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি রাহুল গান্ধী এবং দল কংগ্রেস।
  • Link to this news (প্রতিদিন)