‘তৃণমূলের এত দুর্নীতি সহ্য হচ্ছে না’, ক্ষোভ উগরে কংগ্রেসে গাজোলের পরাজিত প্রার্থী প্রসেনজিৎ
প্রতিদিন | ২৮ জুন ২০২৬
ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। এবার দল ত্যাগ করলেন গাজোল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি কংগ্রেসে ফেরেন। বর্তমানে তাঁর মা ছবি দাস ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে গাজোল বিধানসভা কেন্দ্রে প্রসেনজিৎকে প্রার্থী করেছিল তৃণমূল। কিন্তু বিজেপির কাছে পরাজিত হন তিনি। নির্বাচনে রাজ্যজুড়ে ভরাডুবি হয় তৃণমূলের। এই আবহে রবিবার তিনি কংগ্রেসে যোগ দেন। তাঁর অভিযোগ, “তৃণমূলের শাসনকালে নেতাদের এত দুর্নীতি সহ্য করতে পারছি না।” রবিবার মালদহ টাউন হলে দক্ষিণ মালদহের সাংসদ তথা জেলা সভাপতি ইশা খান চৌধুরী এবং কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের হাত ধরে কংগ্রেসে ফেরেন প্রসেনজিৎ।
কংগ্রেসের হাত ধরেই রাজনৈতিক জীবন শুরু করেছিলেন প্রসেনজিৎ। কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বও সামলেছেন তিনি। পরে তিনি তৃণমূলে যোগ দেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংলিশবাজার পুরসভার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর ‘ছায়াসঙ্গী’ হিসেবে পরিচিত প্রসেনজিৎ। এছাড়াও ইংলিশবাজার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন তিনি। বর্তমানে তাঁর মা ছবি দাস ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিনি নিজে মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদ এবং জেলা যুব তৃণমূলের সভাপতি পদে দীর্ঘদিন কাজ করেছেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁর উপর ভরসা করে গাজোল বিধানসভা কেন্দ্রের টিকিট দিয়েছিল তৃণমূল। কিন্তু তিনি বিজেপির কাছে পরাজিত হন। রাজ্যে ভরাডুবি হয় তৃণমূলের। এরপরই কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত প্রসেনজিতের।
দীর্ঘদিন তৃণমূলে থাকার পর ফের পুরনো দলে ফিরে আসায় মালদহের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কংগ্রেসের মৌসম নুরের দাবি, প্রসেনজিৎ দাসের প্রত্যাবর্তনে সংগঠন আরও শক্তিশালী হবে। আগামী রাজনৈতিক লড়াইয়ে দল নতুন গতি পাবে।
রাজ্যে পালাবদলের পর কার্যত টুকরো টুকরো হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। দিকে দিকে দুর্নীতি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন নেতারা। দুর্নীতিগ্রস্তদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে ডিম। মমতার সঙ্গ ছাড়ছেন একের পর এক বিশ্বস্ত নেতানেত্রী। বেশিরভাগ সাংসদ-বিধায়ক নাম লিখিয়েছেন বিদ্রোহী শিবিরে। বর্তমানে রাজ্য বিজেপি অন্য দল থেকে আসা কোনও নেতাকে যোগদান করাচ্ছে না। যোগদান পর্ব শুরু হলে তৃণমূল দলটাই উঠে যাবে বলে দাবি করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এই আবহে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন প্রসেনজিৎ।