চিকিৎসার জন্য আর ছুটতে হবে না দূরে, বন্ধ গোবরডাঙ্গা হাসপাতাল নিয়ে আশার আলো
News18 বাংলা | ২৮ জুন ২০২৬
দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা গোবরডাঙ্গা হাসপাতাল ফের চালুর উদ্যোগ ঘিরে আশার আলো দেখছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর এবং গোবরডাঙ্গা পৌর এলাকার বিজেপির মণ্ডল সভাপতি আশীষ বন্দ্যোপাধ্যায়।
গোবরডাঙ্গার অন্যতম প্রাচীন এই হাসপাতাল একসময় গোবরডাঙ্গা ছাড়াও মেদিয়া, সুটিয়া, পাঁচপোতা, বেরগুম, মসলন্দপুর-সহ বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল ছিল। কিন্তু পূর্ববর্তী সরকারের সময়ে দীর্ঘদিন ধরে অজ্ঞাত কারণে হাসপাতালটি বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বাধ্য হয়ে চিকিৎসার জন্য তাঁদের ছুটতে হয় চাঁদপাড়া, বাউগাছি কিংবা হাবরা হাসপাতালের মতো দূরবর্তী স্থানে। স্থানীয়দের কথায়, অতীতে হাসপাতালটি চালুর জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।
সম্প্রতি গোবরডাঙ্গা পৌর এলাকার বিজেপির মণ্ডল সভাপতি আশীষ বন্দ্যোপাধ্যায় বিষয়টি গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুরের নজরে আনেন। এরপরই হাসপাতালটি পুনরায় চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা পরিদর্শনে আসেন। পরিদর্শনের সময় হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখেন আধিকারিকরা। হাসপাতালের ভবন ও প্রয়োজনীয় পরিকাঠামো থাকা সত্ত্বেও এতদিন কেন এটি চালু করা যায়নি, সেই বিষয়েও আলোচনা হয়।
পরিদর্শন শেষে দ্রুত হাসপাতালটিকে পুনরায় চালু করে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়। দীর্ঘদিন ধরে হাসপাতালটি বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন নির্বাচনের আগে হাসপাতাল চালুর প্রতিশ্রুতি মিললেও তা আর বাস্তবায়িত হয়নি। তবে সাম্প্রতিক এই উদ্যোগকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন গোবরডাঙ্গা ও সংলগ্ন এলাকার কয়েক হাজার মানুষ। এখন তাঁদের একটাই প্রত্যাশা, ফের খুলবে হাসপাতালের দরজা এবং মিলবে উন্নত চিকিৎসা পরিষেবা।