পাকিস্তানের করাচিতে আধাসেনার ঘাঁটিতে যে জঙ্গি হামলা হয়েছে, তাতে ভারত কোনও ভাবে জড়িত নয়। এ কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিল নয়াদিল্লি। পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের পরামর্শ, অন্যের দিকে আঙুল তোলার নিজের ঘরের দিকে তাকানো উচিত ইসলামাবাদের। পাকিস্তানের মাটিতে যে ভাবে ব্যাঙের ছাতার মতো জঙ্গিঘাঁটি গজিয়ে উঠেছে, তার বিরুদ্ধে আগে পদক্ষেপ করুক সে দেশের শাহবাজ় শরিফের সরকার।
করাচিতে জঙ্গি হামলার ঘটনায় পাক সরকার নয়াদিল্লির দিকে দায় ঠেলার চেষ্টা করছিল বলে জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল রবিবার বলেন, ‘সমস্ত অভিযোগ আমরা অস্বীকার করছি। আমরা দেখলাম, পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছে ভারতের বিরুদ্ধে। এ সব ছেড়ে পাকিস্তান নিজের ঘরের দিকে তাকাক। বিভিন্ন জঙ্গি সংগঠনকে মদত দেওয়ার যে নীতি নিয়ে চলে তারা, আগে সেটা বর্জন করুক ওরা। পাকিস্তানের মাটিতে যে জঙ্গি পরিকাঠামো গড়ে উঠেছে, আগে সেটার বিরুদ্ধে পদক্ষেপ করুক। তার পরে অন্যের দিকে আঙুল তুলবে।’
প্রসঙ্গত, শনিবার রাতে করাচির সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে জঙ্গি হামলার ঘটনা ঘটে। তাতে ৪ আধাসেনা নিহতও হন। নিরাপত্তাবাহিনীও প্রত্যাঘাত করেছে। তাতে ৬ জন জঙ্গি নিহত হয়েছে। আর এক জন গুরুতর জখম হয়। পরে তাকে গ্রেপ্তার করে সিন্ধ প্রদেশের পুলিশ। পাক সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথমে জোরালো বিস্ফোরণ ঘটিয়ে আধাসেনা ঘাঁটির নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করেছিল জঙ্গিরা। তার পরে শুরু হয় এলোপাথাড়ি গুলিবর্ষণ। নিরাপত্তাবাহিনী দ্রুত পাল্টা অভিযান চালিয়ে হামলাকারীদের ঘিরে ফেলে। প্রায় ৯০ মিনিট ধরে চলেছে সেই গুলির লড়াই। ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন জামাত-উল-আহরার। তারা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র একটি সহযোগী গোষ্ঠী হিসেবে পরিচিত।