• ‘মেয়ে অমৃতাকে আটকে রাখা হয়েছে একটি বাড়িতে’, উড়ো খবর পেয়েই আসানসোলে ছুটলেন বৃদ্ধ অর্ধেন্দু, তার পর...
    এই সময় | ২৯ জুন ২০২৬
  • আচমকাই এসেছিল উড়ো খবরটা। বৃদ্ধ বাবাকে বলা হয়েছিল, তাঁর মেয়েকে আসানসোলের একটি বাড়িতে আটকে রাখা হয়েছে! খবরটা পাওয়ার পরে বিন্দুমাত্র দেরি করেননি বাবা অর্ধেন্দু সিনহা। সোজা চলে গিয়েছিলেন সিউড়ি থানায়। যোগাযোগ করেছিলেন বীরভূমের পুলিশ সুপারের সঙ্গেও। তার পরে সিউড়ি থানার পুলিশই তাদের গাড়িতে করে বৃদ্ধকে আসানসোলের কুলটি থানা এলাকা নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ৯টা থেকে সেখানে যে তল্লাশি অভিযান শুরু হয়েছিল, তা জারি থাকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

    গত তিন মাস ধরে নিখোঁজ অর্ধেন্দুর মেয়ে অমৃতা সিনহা। ১৩ মার্চ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বছর চব্বিশের তরুণী। জেলা পুলিশ একটি বিশেষ টিম তৈরি করেই তাঁর খোঁজ চালাচ্ছে। কলকাতা পুলিশ এবং সিআইডি-রও সাহায্য নেওয়া হচ্ছে। কিন্তু অমৃতার হদিশ মেলেনি। তা নিয়ে প্রবল উৎকণ্ঠার মধ্যেই শনিবার অর্ধেন্দু জানতে পেরেছিলেন, তাঁর মেয়ে অমৃতা সিংকে আসানসোলের কুলটি থানা এলাকার অন্তর্গত চাঁপাপুকুর এলাকায় একটি বাড়িতে রয়েছেন। বিষয়টি তদন্তকারীদের জানানোর পরে তাঁরাও সময় নষ্ট না করেই আসানসোলের উদ্দেশে রওনা দেন। পুলিশ সূত্রে খবর, সিউড়ি থানার এক অফিসার এবং দু’জন লেডি কনস্টেবল অর্ধেন্দুকে সঙ্গে নিয়ে কুলটি থানা এলাকার ওই বাড়িতে হানা দেন। ওই বাড়ির বাসিন্দাদের গোটা বিষয়টি জানানো পরে তাঁরাও তদন্তে সহযোগিতা করেন। তার পরেই তল্লাশি শুরু হয়। তল্লাশি চলে আশপাশের কিছু বাড়িতেও। কিন্তু সেখানেও নিরাশ হতে হয় অর্ধেন্দুকে। কোথাও অমৃতার হদিশ মেলেনি।

    তবে পুলিশ সূত্রে খবর, চাঁপাপুকুর এলাকায় বাসিন্দাদের অমৃতার ব্যাপারে জানানো হয়েছে। তাঁদের বলা হয়েছে, কোনও খবর থাকলে তাঁরা যেন অবিলম্বে তা পুলিশকে জানান। এ ছাড়া রেলস্টেশন, বাসস্ট্যান্ড-সহ পাড়ায় পাড়ায় অমৃতার নিখোঁজ-পোস্টার সাঁটিয়েছেন পুলিশকর্মীরা। কুলটি থানাকেও সজাগ থাকতে বলা হয়েছে। অর্ধেন্দু বলেন, ‘মেয়ে যে বাড়িতে আছে বলে শুনেছিলাম, সেই বাড়ির লোকেদের কাছে হাতজোড় করে সবটা বলেছিলাম। ওঁরা স্বেচ্ছায় নিজেদের বাড়ির দরজা আমাদের জন্য খুলে দিয়েছিলেন তল্লাশির জন্য। আমরা বাড়ির ভিতর দেখেছি। আশপাশের বাড়িতেও দেখা হয়েছে। কিন্তু কোথাও মেয়েকে পাওয়া যায়নি। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ আমাদের সঙ্গে সব রকম ভাবে সহযোগিতা করছে।’

  • Link to this news (এই সময়)