আজকালের ওয়েবডেস্কঃ দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট (এইচএমআই) পরিদর্শন করলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডা. ইন্দ্রনীল খান। স্বাধীনতার পর এই প্রথম কোনও রাজ্য ক্রীড়ামন্ত্রী এইচএমআই পরিদর্শন করলেন বলে জানা গিয়েছে।
হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দেশের অন্যতম সেরা পর্বতারোহণ ও রক ক্লাইম্বিং প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রতিষ্ঠানটি ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence) এবং পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত হয়। প্রতি বছর এখান থেকে বহু পর্বতারোহী, প্রশিক্ষক এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস অনুরাগী প্রশিক্ষণ গ্রহণ করেন।
সফরকালে মন্ত্রী প্রতিষ্ঠানের বিভিন্ন পরিকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা ও সামগ্রিক কার্যক্রম খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও আলোচনা করেন।
পরিদর্শনের পর ডা. ইন্দ্রনীল খান বলেন, "২০০৫ সালের পর থেকে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে রাজ্য ও কেন্দ্রের এক্সিকিউটিভ পর্যায়ের কোনও বৈঠক হয়নি। একাধিক প্রতিভাবান পর্বতারোহী বিগত সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ আমার কাছে জানিয়েছেন। আমি তাঁদের আশ্বস্ত করেছি যে, পর্বতারোহীদের পাশে থাকবে রাজ্যের ক্রীড়া দপ্তর এবং তাঁদের উন্নয়নের জন্য সবরকম সহযোগিতা করা হবে।"
তিনি আরও জানান, রাজ্য সরকার পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার স্পোর্টসের বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতে এইচএমআইয়ের উন্নয়ন ও পর্বতারোহীদের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।