• তিরুমালা মন্দিরে পুজো দিয়ে চুল উৎসর্গ অনন্ত আম্বানির, মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের প্রতিশ্রুতি
    প্রতিদিন | ২৯ জুন ২০২৬
  • রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত অম্বানি রবিবার পুজো দিলেন তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। এদিন মন্দিরের শতাব্দী-প্রাচীন মুণ্ডন প্রথা মেনে নিজের চুল উৎসর্গ করেন তিনি। ভারত বিখ্যাত এই মন্দিরের বহু বছরের নিয়ম— মানত পূরণ বা ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশের জন্য ভক্তেরা মাথা মুণ্ডন করেন। সেই প্রথাকেই নতুন করে নজরে আনলেন রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম শীর্ষকর্তা। পুজো দেওয়ার পাশাপাশি মন্দিরকে ২৫টি ইলেকট্রিক বাস দানের কথাও ঘোষণা করলেন অনন্ত।

    ঈশ্বরের চোখে ধনী-গরিব সকলে সমান। সে কথা মাথায় রেখে লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে শামিল হন অনন্ত আম্বানি। তিনি প্রথমে ভোরে ‘সুপ্রভাত সেবা’-য় অংশ নেন। এরপর রীতি মেনে চুল উৎসর্গ করেন। ভগবান ভেঙ্কটেশ্বরের প্রতি আত্মসমর্পণ, বিনম্রতা ও অটল বিশ্বাসের নিদর্শন হিসেবে ভক্তরা স্বেচ্ছায় তিরুপতি মন্দিরে মাথা মুণ্ডন করেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর তিরুমালা মন্দিরে এই প্রথায় অংশগ্রহণ দীর্ঘদিনের ঐতিহ্যকেই প্রতিফলিত করেছে। অনন্ত অম্বানির হাতে ‘শ্রীভারী তীর্থ প্রসাদ’ তুলে দেন মন্দির কর্তৃপক্ষ। এছাড়াও একটি আনুষ্ঠানিক রেশমি শাল দিয়ে সম্মানিত করা হয় ধনকুবের শিল্পপতিকে।

    উল্লেখ্য, পুজো দেওয়ার পাশাপাশি এদিন সেবাকাজের কথাও ঘোষণা করলেন আম্বানি। তিরুমালার পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে জোরদার করতে উদ্যোগী হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। অনন্ত আম্বানি জানিয়েছেন, মন্দিরকে ২৫টি বৈদ্যুতিক বাস দান করবেন। যার জন্য খরচ হবে ২৭.৫ কোটি টাকা। বাসগুলির ৫০ জন চালকের বেতন ও অন্যান্য ভাতার দায়িত্বও কোম্পানি বহন করবে। এমনকী ইভি চার্জিং স্টেশন স্থাপনেও রিলায়েন্স মন্দির প্রশাসনকে সাহায্য করবে। ধনকুবের মুকেশ অম্বানির পুত্র হয়েও সাধারণ ভক্তদের লাইনে দাঁড়িয়ে আচার পালনের এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে সাড়া ফেলেছে। 
  • Link to this news (প্রতিদিন)