অতিরিক্ত বৃষ্টিতে ধস নামল অরুণাচল প্রদেশের রাস্তায়। এরই পাশাপাশি টানা বৃষ্টিতে সিমেন নদীর জলস্তর বেড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের একটি রেল সেতু। সিমেন চাপারির একটি রেলসেতুর স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে সেটি ধসে পড়ায় অসমের জোনাইয়ের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অন্য দিকে, অতিরিক্ত বৃষ্টিতে ধসের আশঙ্কা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীখণ্ড মহাদেব যাত্রা (Shrikhand Mahadev Yatra)। তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই, রবিবার, ওই যাত্রা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে হিমাচল প্রদেশের প্রশাসন। আর এক দিকে, অবিরাম বৃষ্টির জেরে ভেসে গিয়েছে উত্তর সিকিমের ফি খোলা (Phee Khola)-র ওপর নির্মিত বেইলি সেতু। ফলে ফিডাং থেকে সাংকালাং পর্যন্ত রাস্তায় যান চলাচল ব্যাহত হয়েছে।
গত কয়েক দিন ধরেই অরুণাচল প্রদেশ জুড়ে শুরু হয়েছে হড়পা বান এবং একের পর এক মারাত্মক ধস। অবিশ্রান্ত বৃষ্টি পরিস্থিতি জটিল করে তুলেছে। রবিবার, লোয়ার সিয়াং (Lower Siang) জেলার সিজি ব্লক পয়েন্টে ধসের কারণে আটকে গিয়েছে সিজি নদী। ইস্ট সিয়াং জেলায় ভারী বৃষ্টির জেরে ধসে গিয়েছে লেদুম গ্রামের একটি সেতু।
গত বুধবার, অরুণাচল প্রদেশের কেই পানিয়র (Keyi Panyor) জেলায় হড়পা বানের জেরে নিখোঁজ হয়েছিলেন পাঁচ জন। ওই ঘটনায় তিন জনের দেহ উদ্ধার হয়েছে। রবিবার এক জনের দেহ উদ্ধারের পরে অন্যদেরও খোঁজ চলছে বলে জানিয়েছেন আধিকারিকরা।
এ দিকে, অরুণাচল প্রদেশের মতো অসমেও আরও ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই কারণে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে।
এর প্রভাব পড়তে শুরু করেছে অসমেও। রবিবার, অবিরাম ভারী বর্ষণের ফলে সিমেন নদীর জলস্তর বেড়ে তীব্র স্রোতের তোড়ে সিমেন চাপারির একটি রেলসেতুর স্তম্ভ ক্ষতিগ্রস্ত হয়ে সেটি ধসে পড়ে। ফলে জোনাই (Jonai)-এর সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এ ছাড়া জোনাইয়ের চিলে নদীতে একটি লোহার সেতুও ভেসে গিয়েছে।
রেল আধিকারিকরা জানিয়েছে, ওই সেতুর ক্ষতি হওয়ায় আর্চিপাথর (Archipathar) ও সিমেন চাপারি (Simen Chapari) স্টেশনের মধ্যে রেল চলাচল স্থগিত করা হয়েছে। রবিবারই ধামাজি জেলায় অন্তত ১১০ মিলিমিটার বৃষ্টি হওয়ায় ওই এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই কারণে তিনসুকিয়া বিভাগের অন্তর্গত মুরকংসেলেক (Murkongselek) ও শিলাপাথরের মধ্যবর্তী রুটে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।
অন দিকে, হিমাচল প্রদেশেও জারি হয়েছে সতর্কতা। পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিপজ্জনক ও দুর্গম শ্রীখণ্ড মহাদেব যাত্রা (Shrikhand Mahadev Yatra) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই যাত্রা স্থগিত থাকবে বলে জানিয়েছেন কুল্লু জেলাশাসক অনুরাগ চন্দ্র শর্মা। তিনি জানিয়েছেন,ভিমদ্বারি থেকে পার্বতী বাগ যাওয়ার রাস্তা এবং বিকল্প রাস্তা দু'টি এখন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। সেখানে যে কোনও সময়ে হড়পা বান এবং ধস নেমে বিপদ ঘটতে পারে। সেই কারণে বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।